ক্রিকেটে নতুন অধ্যায়! আশরাফুল ও রাজ্জাক ফিরছেন আয়ারল্যান্ড সিরিজে!

 



আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশ ক্রিকেট দলের টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় দলের সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক। সিরিজে নাজমুল হোসেন শান্তদের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।




সোমবার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাধারণ সভার পর সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।




এ সময় পাশেই ছিলেন আব্দুর রাজ্জাক। আশরাফুলকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়ার কারণ ব্যাখ্যা করেন জাতীয় দলের সাবেক বাঁহাতি পেসার।




"আশরাফুলের অনেক অভিজ্ঞতা আছে। সে এরই মধ্যে কোচিং কোর্সও সম্পন্ন করেছে। মূলত তার অভিজ্ঞতাই আমাদের এই সিদ্ধান্তের পেছনে মূল ভূমিকা রেখেছে।" 




এর আগে বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন নিক পোথাস। পরবর্তীতে স্বল্প সময়ের জন্য দায়িত্বে ছিলেন ডেভিড হেম্প। তিনি চাকরি ছাড়ার পর সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন ব্যাটিং কোচের দায়িত্ব সামলাচ্ছিলেন। এবার সে দায়িত্ব এসেছে আশরাফুলের ওপর।




স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, মোহাম্মদ সালাউদ্দিনের দায়িত্ব এখন তাহলে কী হবে? উত্তরে তিনি জানান, সবাই যার যার নিজ দায়িত্বে কাজ করবেন। 




"সালাউদ্দিন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ। এখানে কারও ব্যর্থতা বা কারও দায়িত্বে অন্য কাউকে আনা হয়নি। এমনকি কাউকে তার জায়গা থেকে সরিয়েও দেওয়া হয়নি।"




এসময় জাতীয় দলের টিম ডিরেক্টর হিসেবে নিজের দায়িত্বও ব্যাখ্যা করেন রাজ্জাক।




"অন্যান্য যে কোনো টিম ডিরেক্টরের মতোই হবে আমার কাজ। আমি সব কিছু পর্যবেক্ষণ করব, সব কিছুতে নজর রাখব। আর কখনও যদি টিম ম্যানেজমেন্ট মনে করে আমার কোনো সহযোগিতা প্রয়োজন, তাহলে সেটিও দেওয়ার চেষ্টা করব। তাদের সাহায্য প্রয়োজন হলে আমি করব।" "ক্রিকেট বোর্ডের মনে হয়েছে, দলের সঙ্গে একজন টিম ডিরেক্টর থাকলে ভালো হবে। এই পদটি কিন্তু আগেও ছিল। অনেক দিন ধরেই ছিল। সাম্প্রতিক সময়ে বোর্ড পরিচালকের সংখ্যা কম থাকায় হয়তো দলের সঙ্গে কেউ যায়নি। তবে এর আগে প্রায় সিরিজেই দলের সঙ্গে টিম ডিরেক্টর থাকত।"




এছাড়া সোমবারের বোর্ড সভায় সিরিজ চলাকালে নারী ক্রিকেটারদের দৈনিক ভাতা ৫০ ডলার থেকে বাড়িয়ে ৭৫ ডলার ও ট্যুর ফি ২৫ থেকে ৫০ ডলার করা হয়েছে। এর বাইরে ক্রিকেটারদের মাসিক পারিশ্রমিক গড়ে ৩৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Post a Comment

Previous Post Next Post