অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ সেরা লড়াইটাই করলেন। খেললেন হার না মানা ঝড়ো ইনিংস। কিন্তু বাংলাদেশ চ্যাম্পিয়নস জিততে পারলো না। শারজাহতে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নসের কাছে ৩৭ রানে হেরেছে মাহমুদউল্লাহর দল।
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের ম্যাচে আগে ব্যাট করে অস্ট্রেলিয়া ২০ ওভারে ৬ উইকেটে ২০৩ রান করে। জবাবে মাহমুদউল্লাহ রিয়াদের দুর্দান্ত ব্যাটিংয়েও বাংলাদেশ ২০ ওভারে ৬ উইকেটে ১৬৬ রানে থামে।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি অস্ট্রেলিয়া। আবু জায়েদের তোপে ২৭ রানের মধ্যেই উসমান খাজা ও ডি’আর্সি শর্টকে হারায় তারা। ৩৬ রানে ফেরেন জো বার্নসও। এরপর অবশ্য ম্যাচের নিয়ন্ত্রণ নেয় অস্ট্রেলিয়া।
ডেভিড ওয়ার্নার ও কলাম ফার্গুসনের ব্যাটে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। ওয়ার্নার ৩৮ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৬৬ রান করেন। ফার্গুসন খেলেন ৩৬ বলে ৭ চার ও ২ ছক্কায় ৬৩ রানের ঝোড়ো ইনিংস। শেষ দিকে বেন ডাঙ্ক ২৪ বলে ৪৫ রানের অপরাজিত ইনিংস খেললে ২০০ পেরিয়ে যায় অস্ট্রেলিয়ার সংগ্রহ।
বাংলাদেশের হয়ে আবু জায়েদ রাহী ৪ ওভারে ৪৬ রান দিয়ে ৩ উইকেট নেন। জিয়াউর রহমান পান ২ উইকেট।
২০৪ রানের কঠিন লক্ষ্য তাড়ায় শুরুতেই রনি তালুকদারকে (৬ বলে ৯) হারায় বাংলাদেশ। এরপর ইমরুল কায়েস (৩০ বলে ৪১) ও ফজলে মাহমুদ (২০ বলে ২৭) কিছুটা প্রতিরোধ গড়লেও দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি।
তবে একপ্রান্তে দাঁড়িয়ে অসাধারণ ব্যাটিং করেন অধিনায়ক মাহমুদউল্লাহ। মাত্র ৩৫ বলে ২ চার ও ৮ ছক্কায় ৭৩ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। স্ট্রাইক রেট ছিল ২০৮.৫৭! কিন্তু এমন এক ইনিংসেও তাকে মাঠ ছাড়তে হয়েছে মাথা নিচু করে।
টুর্নামেন্টে বাংলাদেশের এটি টানা দ্বিতীয় হার। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে প্রথম জয় এলো অস্ট্রেলিয়ার।

Post a Comment