প্রকাশ হলো এশিয়া কাপের চূড়ান্ত সূচি, বাংলাদেশের ম্যাচ কবে-কখন?

 

দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল আবারও এশিয়ার শ্রেষ্ঠত্ব ফিরে পাওয়ার মিশনে নামছে। সর্বশেষ আসরে পাকিস্তানের কাছে সেমিফাইনালে হেরে বিদায় নেওয়া আজিজুল হাকিম তামিমের দল এবার নতুন করে শিরোপার স্বপ্ন দেখছে।


আগামী ৫ নভেম্বর শুরু হবে যুব এশিয়া কাপের এবারের আসর। ওয়ানডে ফরম্যাটে এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর। এবারের ১৩তম আসরের আয়োজক দেশ ওমান।


আসরে অংশ নিচ্ছে মোট আটটি দল। তাদের ভাগ করা হয়েছে দুই গ্রুপে। ‘এ’ গ্রুপে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান, ভারত, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল। আর ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া।


উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ। ৫ নভেম্বর আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের এবারের অভিযান।


এরপর ৭ নভেম্বর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৯ নভেম্বর মালয়েশিয়ার মুখোমুখি হবে যুব টাইগাররা।


দুই গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষ দুটি করে দল উঠবে সেমিফাইনালে। ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে শেষ চারের লড়াই। আর দুই সেমিফাইনালের বিজয়ীদের নিয়ে ১৪ নভেম্বর হবে শিরোপার ফয়সালা। এবারের আসরে বাংলাদেশের লক্ষ্য তাই স্পষ্ট। আগের বছরের সেমির হতাশা পেছনে ফেলে আবারও যুব এশিয়া কাপের শিরোপা ঘরে তোলা।

Post a Comment

Previous Post Next Post