শেষ মুহূর্তে নেদারল্যান্ডস দলে ৩ পরিবর্তন, ডাক পেলেন ১৭ বছর বয়সী!
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে আগেই দল ঘোষণা করেছিল নেদারল্যান্ডস। তবে সেই দল থেকে দুইটি পরিবর্তন আনতে বাধ্য হলো ডাচরা। ইঞ্জুরির কারণে সিরিজ শুরুর আগেই শেষ হয়ে গেল রায়ান ও ফ্রেডের এবং ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন সাকিব জুলফিকার।
ইঞ্জুরির কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন নিয়মিত পেসার রায়ান ক্লেইন ও ফ্রেড ক্লাসেন। অপরদিকে, ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ ক্রিকেটার সাকিব জুলফিকার। তাদের পরিবর্তেই নেওয়া হয়েছে নতুন তিন মুখকে।
এই সুযোগে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন মাত্র ১৭ বছর বয়সী ব্যাটার সেড্রিক ডি ল্যাং। দীর্ঘ বিরতি কাটিয়ে দলে ফিরেছেন পেসার সেবাস্টিয়ান ব্রাট এবং অলরাউন্ডার সিকান্দার জুলফিকার।
যুব দলে ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও নজর কেড়েছেন সেড্রিক ডি ল্যাং। প্রো সিরিজে দুর্দান্ত খেলায়ই তিনি জায়গা করে নিলেন জাতীয় দলে। অধিনায়ক স্কট এডওয়ার্ডস বলেন,“একজন তরুণ খেলোয়াড়কে দলে নেওয়া সবসময়ই আনন্দের। সেড্রিক পুরো মৌসুমে দারুণ খেলেছে এবং এই ডাক সে প্রাপ্য। আমরা তার কাছ থেকে অনেক কিছু আশা করছি।”
অন্যদিকে, ২০২১ সালের পর প্রথমবার জাতীয় দলে ফিরছেন সেবাস্টিয়ান ব্রাট। ক্লাব ও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স তাকে ফিরিয়েছে জাতীয় দলে। সিকান্দার জুলফিকারের প্রত্যাবর্তন আরও দীর্ঘদিন পর। ২০১৯ সালের পর এই প্রথম টি-টোয়েন্টিতে খেলতে যাচ্ছেন তিনি।
এডওয়ার্ডস বলেন, “ব্রাটকে আবার দলে পাওয়া দারুণ ব্যাপার। অভিজ্ঞতা ও সাম্প্রতিক পারফরম্যান্স তাকে অনেক গুরুত্বপূর্ণ করবে। আর সিকান্দারও অতীতে আমাদের হয়ে মূল্যবান ভূমিকা রেখেছে। তার পাওয়ার হিটিং আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।”
বাংলাদেশের মাটিতে এই প্রথম সফরে আসছে নেদারল্যান্ডস। এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে মাত্র পাঁচবার। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজকে প্রস্তুতি হিসেবে দেখছে অতিথিরা। অন্যদিকে বাংলাদেশ এই সিরিজকে ব্যবহার করবে এশিয়া কাপের দল গঠনের প্রস্তুতি হিসেবে।
তিন ম্যাচের সিরিজ শুরু হবে ৩০ আগস্ট সিলেটে। পরের দুটি ম্যাচ যথাক্রমে ১ ও ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এর আগে তিনদিন অনুশীলন করবে ডাচরা।
একনজরে নেদারল্যান্ডস স্কোয়াড-
ম্যাক্স ও'দোদ, বিক্রমজিত সিং, অনিল নিদামানুরু, স্কট এডওয়ার্ডস, নোয়াহ ক্রস, সিকান্দার জুলফিকার, সেড্রিক ডি ল্যাং , কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ভন মিকেরেন, শারিজ আহমেদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, টিম প্রিঙ্গেল, সেবাস্টিয়ান ব্রাট।

Post a Comment