জিম্বাবুয়ের বিপক্ষে হারা ম্যাচে সিলেটে বল হাতে আলো ছড়াতে পারেননি তাইজুল ইসলাম। অভিজ্ঞ এই স্পিনারর পারফরম্যান্স নিয়ে হয়েছে কিছুটা সমালোচনাও। তবে চট্টগ্রামে নিজের ৪৩তম টেস্ট খেলা তাইজুল প্রথম দিনেই নিয়ে নিলেন ৫ উইকেট। তার বোলিংয়ে ঘুরে দাঁড়ায় টাইগাররা।
তাইজুলের ৫ উইকেট পাওয়ার পরই তামিম ইকবাল পোস্ট দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার দাবি তাইজুলই বিশ্বের সবচেয়ে আন্ডাররেটেড বোলার। পরে সংবাদ সম্মেলনে তাইজুল নিজেও দাবি করলেন একইরকম।
তিনি যেমনটা বলছিলেন, 'হ্যাঁ আমার কাছেও মনে হয় (আন্ডাররেটেড)। কারণ...এটা হয়তো আপনারাও ভালো জানেন।'
চট্টগ্রামে প্রথম টেস্টের প্রথম দিন ৯ উইকেটে ২২৭ রান তুলে দিন শেষ করে জিম্বাবুয়ে। শেষ বিকেলে তাইজুলের ঘূর্ণিতে কুপোকাত না হলে তারা ভালো অবস্থানেই থাকতো। এক পর্যায়েতো রান ছিল ২ উইকেটে ১৭৭!
২৭ ওভার বল করে ৬০ রান খরচায় তাইজুলের উইকেট ৫ টি। সিলেট টেস্টে দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন কেবল ২ উইকেট। তার পর তাকে নিয়ে যে সমালোচনা হলো তাতে কিছুটা বিরক্তই এই স্পিনার। সমালোচকরা খেলা বুঝে না বলেও মন্তব্য করেছেন তাইজুল।
তিনি বলেন, 'আমার কাছে মনে হয় এতোগুলো টেস্টে খেলার পর...আলহামদুলিল্লাহ যে কয়টা উইকেটে হয়েছে...একটা ম্যাচ দেখে যারা সমালোচনা করে আমার কাছে মনে হয় তারা খেলা বোঝে না।'

Post a Comment