সাকিবকে ছাড়িয়ে যাওয়া প্রসঙ্গে যা বললেন তাইজুল

 



টেস্ট বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট এখনো পর্যন্ত সাকিব আল হাসানের। ৭১ ম্যাচে তার নামের পাশে ২৪৬ উইকেট। তবে তাকে তাড়া করছেন তাইজুল ইসলাম। এই বাঁহাতি স্পিনারের উইকেট ২২৪, ম্যাচ খেলছেন ৫৩তম।


একদিকে সাকিব টেস্ট খেলছেন না, অন্যদিকে তাইজুলের পেছনে থাকা মেহেদী হাসান মিরাজের উইকেট সংখ্যা এখন ২০০। সব মিলিয়ে সাকিবকে টপকে যাওয়ার পথে অন্যতম প্রতিযোগী তাইজুলই।


জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ইতোমধ্যে নিয়েছেন ৫ উইকেট। এই ইনিংসে জিম্বাবুয়ের উইকেট বাকি এখনো একটি, পরের ইনিংসেও থাকছে সুযোগ। তাইজুল এগিয়ে যেতে পারেন আরও কিছু দূর।


এই নিয়ে টেস্ট ক্যারিয়ারে ১৬তম বার পেলেন ৫ উইকেট। শীর্ষে আছেন যথারীতি সাকিব, তার ৫ উইকেট সংখ্যা ১৯ বার। তিনে থাকা মিরাজের ৫ উইকেট ১২ বার।


এ ক্ষেত্রেও সাকিবকে টপকে যাওয়ার দোরগোড়ায় তাইজুলই। দিন শেষে সংবাদ সম্মেলনে এসে তাইজুলকে এ নিয়ে উত্তরও দিতে হয়েছে।


তিনি যেমনটা বলছিলেন, 'প্রত্যেকটা খেলোয়াড়েরই স্বপ্ন সেরাদের সেরা হওয়া। খেলোয়াড়দের জীবনে সন্তুষ্টিটা আসে না যতক্ষণ না অনেক দূর যেতে পারবো। আমার ক্ষেত্রে...আমি চেষ্টা করবো।'


'সাকিব ভাই অনেক কিছু করছে দেশের জন্য। সামনেও করবে ইন শা আল্লাহ। চাই সবাই ভালো করুক। সবাই মিলে দলকে সাহায্য করতে পারি।'


তাইজুলের সামনে হ্যাটট্রিক সুযোগও এসেছিলো। জিম্বাবুয়ে ইনিংসের ৮১তম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে পেয়েছিলেন উইকেট। তবে শেষ বলটি ঠেকিয়ে দেন নতুন ব্যাটার ভিনসেন্ট মাসেকেসা।


হ্যাটট্রিক মিস নিয়ে তাইজুল বলেন, 'হ্যাটট্রিক আসলে জীবনে বারবার আসে না। হয় নাই, একটু খারাপ লাগতে পারে। কিন্তু আলহামদুলিল্লাহ দলকে সাহায্য করতে পেরেছি।'





Post a Comment

Previous Post Next Post