দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড ‘এ’ দল। সফরে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে তিন ওয়ানডে ও দুটি চারদিনের ম্যাচের একটি সিরিজ খেলবে কিউইরা। সোমবার (২৮ এপ্রিল) আসন্ন এই সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
নিউজিল্যান্ডের ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন ওয়ানডে ক্রিকেটের বিশ্ব রেকর্ডধারী মুহাম্মদ আব্বাস। গত মাসে জন্মভূমি পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেকে দ্রুততম হাফসেঞ্চুরি করেছিলেন ২১ বছর বয়সী এই অলরাউন্ডার। সাদা বলে নিক কেলি ও লাল বলের সিরিজে নিউজিল্যান্ড ‘এ’ দলকে জো কার্টার নেতৃত্ব দেবেন।
নিউজিল্যান্ড ‘এ’ দল আগামী ১ মে বাংলাদেশে পা রাখবে। এরপর সিলেটে ৫ মে শুরু হবে ওয়ানডে সিরিজ। একই ভেন্যুতে পরের দুটি ওয়ানডে ৭ ও ১০ মে। ১৪ মে প্রথম চারদিনের ম্যাচটিও সিলেটেই শুরু হবে, ২১ মে পরেরটি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। নিউজিল্যান্ড ‘এ’ দল বাংলাদেশ ছাড়বে ২৫ মে।
নিউজিল্যান্ড ‘এ’ দল: মুহাম্মদ আব্বাস, আদি অশোক, ম্যাট বয়লে, জো কার্টার (চারদিনের ম্যাচ), ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, জাকারি ফকস, ডিন ফক্সক্রফট, মিচ হে, কার্টিস হিপি, নিক কেলি (ওয়ানডে), জায়দেন লিনক্স, বেন লিস্টার, রাইস মারিও ও ডেল ফিলিপস।

Post a Comment