পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে পাকতিকা প্রদেশের উরগন জেলায় বিমান হামলার পর। শুক্রবার (১৭ অক্টোবর) ওই হামলায় তিন আফগান ক্রিকেটারসহ আটজন নিহত হয়েছেন বলে দাবি করেছে আফগানিস্তান। আহত হয়েছেন অন্তত সাতজন।
এই ঘটনার পর ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় আফগানিস্তান। হামলার জন্য পাকিস্তানকে দায়ী করার পর দেশটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি আফগানিস্তানের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আফ্রিদি লেখেন, পাকিস্তান সব সময় আফগান ভাইদের পাশে থেকেছে। তাদের দুঃখ-কষ্টকে নিজেদের দুঃখ হিসেবেই দেখেছে। সীমান্ত খুলে দিয়েছে ভাইদের জন্য। ৪০ লাখ শরণার্থীকে আশ্রয় দিয়েছে। নিজের সামর্থ্য অনুযায়ী আমিও ৩৫০টি আফগান পরিবারের দেখাশোনা করি।
তিনি আরও বলেন, তবু খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, সাম্প্রতিক সময়ে আফগানিস্তান এসব উপকার ভুলে সীমান্তে প্রকাশ্য আগ্রাসন চালিয়েছে। যার পরিপ্রেক্ষিতে আমাদের সেনারা যথাযথ জবাব দিয়েছে। আফগানিস্তানের ভাবা উচিত, পাকিস্তান তার ভাইপ্রতিম ইসলামী দেশ। সুতরাং আফগানিস্তান যেন এমন কোনো দেশের হাতে ব্যবহৃত না হয়, যে দেশ পাকিস্তানের ভেতরে সন্ত্রাসীদের সহযোগিতা করছে।
আফগান গণমাধ্যমের তথ্যমতে, উরগন জেলার তিন ক্রিকেটার কাবির, সিবগাতুল্লাহ ও হারুন পাকতিকা প্রদেশের রাজধানী শারানায় একটি প্রীতি ম্যাচ খেলে নিজ গ্রামে ফেরার পথে হামলার শিকার হন।

Post a Comment