দ্বিতীয় সেরা দল নিয়ে ব্যাখ্যায় ক্রিকেট দুনিয়ায় তোলপাড় রাশিদের মন্তব্যে!

 



এশিয়া কাপের সুপার ফোরে উঠতে ব্যর্থ হয়েছে আফগানিস্তান। আর এরপরই তাদের নিয়ে চারদিকে সমালোচনা। খোঁচা মেরে অনেকেই বলছিলো এশিয়ার দ্বিতীয় সেরা দল সুপার ফোরই খেলতে পারলো না।


সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তান ক্রিকেটের উত্থান হয়েছে দারুণভাবে। নিয়মিত বড় দলগুলোর সাথে দিচ্ছে টেক্কা।


আইসিসি ও এসিসি ইভেন্টে নিজেদের অবস্থান জানান দিয়েছে বারবার। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে সেমি-ফাইনালও।



এসবের কারণেই মূলত মিডিয়ায় এশিয়ার দ্বিতীয় সেরা দলের ট্যাগটা লেগেছে। দলটির অধিনায়ক রাশিদ খান বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে নামার আগে দিলেন ব্যাখ্যা।


শারজাহতে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে আজ (১ অক্টোবর) রাশিদ বলেন, 'এটা মিডিয়াতে ঘুরছে, আমরা এশিয়া কাপের দ্বিতীয় সেরা দল। আমরাতো এমন কিছু বলিনি।'


'আমার মনে হয় আমরা পারফর্ম করেছি বলেই এমন একটা ট্যাগ লেগেছে। আপনি যদি এশিয়া কাপের দিকে তাকান, বিশ্বকাপের দিকে তাকান, আমরা সেমি-ফাইনাল খেলেছি।'


'ওয়ানডে বিশ্বকাপের দিকে তাকান আমরা বড় দলগুলোকে হারিয়েছি। চ্যাম্পিয়নস ট্রফিতে আমরা ইংল্যান্ডকে হারিয়েছি। যে কারণে আমাদের সাথে ট্যাগটা লেগেছে।'


ক্রিকেটে পারফরম্যান্সই সব এটা মানেন রাশিদ নিজেও। তাইতো সামনের দিনগুলোতে খারাপ করলে দল হিসেবে তাদের সমালোচনা হবে এ ব্যাপারেও থাকছেন প্রস্তুত।


রাশিদ যেমনটা বলছিলেন, 'ভবিষ্যতে আমরা পারফর্ম করতে না পারলে আমরা ৩,৪ ৫, ৬ নম্বরে চলে যাবো। এভাবেই ব্যাপারগুলো ঘটে। আমরা সবসময় সেরাটা দিয়ে সেরা পারফরম্যান্সটাই করতে চাই। এটাই আমাদের মাইন্ডসেট। কখনো কাজ করবে, কখনো করবে না এটাই খেলার অংশ।'


'এখন মিডিয়ায় ঘুরছে এশিয়ার দ্বিতীয় সেরা দল সুপার ফোর খেলতে পারেনি। কিন্তু আমরাতো নিজেরা এই ট্যাগ দিই নাই। মিডিয়ার কাজই এটা, একটা টপিক সামনে নিয়ে আসা আর সবাই এটা নিয়েই আলোচনায় ব্যস্ত থাকে।'


Post a Comment

Previous Post Next Post