শুরুটা করলেন লিটন কুমার দাস। একে একে যোগ দিলেন রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিম, জাকের আলি অনিক, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারিরা। একেকজন দিলেন একেক বার্তা। সবাই হুঙ্কার দিয়ে জানালেন, ‘আমরা টাইগার।’
এশিয়া কাপে নিজেদের যাত্রা শুরুর আগে বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ দলকে নিয়ে একটি প্রোমো ভিডিও প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। যেখানে লিটন, রিশাদরা হুঙ্কার ছেড়ে জানিয়েছেন, তারা শিকারে নেমেছেন।
সংক্ষিপ্ত ভিডিওর শুরুতে ছোট্ট করে লিটন বলেন, “মাঠে আমাদের আগ্রাসন”; অধিনায়কের কথার সুরে রিশাদ জানান, “কারও কাছে তারা রাগের মতো”; একই ছন্দে তাসকিনকে বলতে শোনা যায়, “কারও কাছে তারা অহঙ্কারের মতো।”
পরে তরুণ ওপেনার তামিম জানান, “কিন্তু এটাই আমাদের শক্তি।” পরে হাজির হন জাকের। তিনিই দেন প্রথম হুঙ্কার, “আমরা টাইগার”, একই সুরে বুকে থাবা মেরে লিটনও বলেন, “আমরা টাইগার।”
টাইগার হিসেবে নিজেদের লক্ষ্য পরিষ্কার করে দিয়ে সাইফ বলেন, “আমরা শিকারে নেমেছি।” এশিয়ান ক্রিকেটের জন্য অগ্রীম সতর্কবার্তা দিয়ে রাখেন তাসকিন, “এবার আমাদের গর্জনে কাঁপবে পুরো এশিয়া।”
এশিয়াবাসীকে সেই গর্জন শোনাতে বৃহস্পতিবার হংকংয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আবু ধাবির জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে খেলা।

Post a Comment