সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। এখনো বাকি আছে ভারত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ। বাংলাদেশ ক্রিকেট দলকে ঘিরে তাই ভরসার জায়গা দেখছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। সুপার ফোরে লড়াই কঠিন হলেও তার বিশ্বাস, সমীকরণের মারপ্যাঁচে এক ম্যাচ জিতেও বাংলাদেশের ফাইনালে যাওয়ার সম্ভাবনা আছে।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ম্যাচসেরা হন অনেক দিন পর জাতীয় দলে ফেরা সাইফ হাসান। সাইফ ও হৃদয়কে প্রশংসায় ভাসান আশরাফুল। খেলোয়াড়দের আত্মবিশ্বাস ও সাম্প্রতিক পারফরম্যান্সই তাকে স্বপ্ন দেখাচ্ছে যে বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালে খেলবে।
সোমবার গণমাধ্যমের সাথে আলাপচারিতাকালে আশরাফুল বলেন, "সাইফের চমৎকার একটা ইনিংস দেখলাম। হৃদয়কে নিয়ে আমরা অনেক প্রশ্ন তুলছিলাম যে তাকে একাদশে রাখা ঠিক হবে কিনা কিন্তু তার অভিজ্ঞতা সে কাজে লাগিয়েছেন। অসাধারণ একটা ইনিংস খেলল।"
বাংলাদেশ দল এখন পর্যন্ত তিনটি ম্যাচ জিতেছে। বাংলাদেশের আছে দুই পয়েন্ট। তবে পরবর্তী দুই ম্যাচে যদি ফলাফল অনুকূলে না-ও আসে, তাহলেও সুযোগ রয়েছে বলে মনে করেন সাবেক এই তারকা ব্যাটার। সেক্ষেত্রে তিনি হিসাব করেছেন, ভারতের কাছে হারবে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের কাছে শ্রীলঙ্কা জিতবে।
তাহলে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের পয়েন্ট সমান হবে। রান-রেটে এগিয়ে থাকলে বাংলাদেশই ফাইনালে যাবে। তাই ম্যাচ হারলেও যেন বড় ব্যবধানে না হারে সেদিকে নজর রাখতে বলেছেন আশরাফুল।
তার ভাষায়, “আমার কাছে মনে হয় যে আমরা পরবর্তী দুইটা ম্যাচে যদি ফলাফল আমাদের পক্ষে না আসে, যদি আমরা ভালো ক্লোজ ম্যাচেও হারি, আর কালকে যদি পাকিস্তানের সঙ্গে শ্রীলঙ্কা জিতে যায়, তাহলে এক ম্যাচ জয় দিয়েও ফাইনালে যাওয়া সম্ভব।”
“আমি বিশ্বাস করব যে আমরা দুইটা ম্যাচই জেতার জন্য নামব এবং ভালো ক্রিকেট খেলব। কিন্তু আমরা যেন ক্লোজ ম্যাচগুলোতে আর কি বেশি ব্যবধানে না হারি। এটাই আমার আশা থাকবে। শেষ ম্যাচ আমাদের পাকিস্তানের সঙ্গে, আর সম্প্রতি আমরা তাদের হারিয়েছি। সেই আত্মবিশ্বাসটা কাজে দেবে,” যোগ করেন আশরাফুল।

Post a Comment