আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রিশাদের অবিশ্বাস্য কীর্তি!

 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন রিশাদ হোসেন। এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে এই কীর্তি গড়েন এই লেগ স্পিনার। বল হাতে শিকার করেন দুই উইকেট।



হংকংয়ের বিপক্ষে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ইনিংসের সপ্তম ওভারে বোলিংয়ে আসেন রিশাদ। প্রথম তিন ওভারে উইকেটশূন্য থাকলেও বাজিমাত করেন নিজের শেষ ওভারে। হংকংয়ের ইনিংসের ১৯তম ওভারে বোলিংয়ে এসে ৯ রান দিলেও স্পেলের শেষ দুই বলে সাজঘরে ফেরান নিজাকাত খান ও কিঞ্চিৎ শাহকে।


সবমিলিয়ে ৪ ওভার বল করে ৩১ রান দিয়ে ২ উইকেট শিকার করেন রিশাদ। এতেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ উইকেট পূর্ণ হয়েছে এই লেগ স্পিনারের। ষষ্ঠ বাংলাদেশি হিসেবে এই কীর্তি গড়লেন রিশাদ। এর আগে টাইগারদের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ বা এর বেশি উইকেট শিকার করেছেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও শেখ মেহেদী।





সংখ্যার হিসেবে রিশাদ বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় দ্রুততম। ৪১ ইনিংসে উইকেটের ফিফটি করেছেন রিশাদ। ৪২ ইনিংস লেগেছিল সাকিবের। অন্যদিকে ৩৩ ইনিংসে ৫০ উইকেট শিকার করা মুস্তাফিজুর রহমান আছেন সবার ওপরে।


আগে ব্যাট করে নিজাকাত খানের ৪২ ও অধিনায়ক মর্তুজার ২৮ রানের ইনিংসে ভর করে ৭ উইকেটে ১৪৩ রানের সংগ্রহ পায় হংকং। বাংলাদেশের হয়ে দুইটি করে উইকেট শিকার করেন তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন।



আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশিদের ৫০ বা ততোধিক উইকেট :


সাকিব আল হাসান    ১৪৯ উইকেট


মুস্তাফিজুর রহমান   ১৪২ উইকেট


তাসকিন আহমেদ     ৯৬ উইকেট


শরিফুল ইসলাম        ৫৮ উইকেট


শেখ মেহেদী            ৫৭ উইকেট


রিশাদ হোসেন        ৫০ উইকেট


Post a Comment

Previous Post Next Post