মঞ্চে দাঁড়িয়ে ক্যামেরায় পোজ দিচ্ছেন কয়েকজন ব্যক্তি, তাদের একজন আবার অনেক কসরৎ করে সামনে এসে নিজেকে ক্যামেরায় দেখানোর চেষ্টা করছেন- বেশ কয়েকবছর আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল এই ছবিটি। গতকাল এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে আফগানিস্তানের হারের পর নতুন করে পুরনো ছবিটি ভাইরাল হচ্ছে।
গতকাল এশিয়া কাপে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। তাদের এই জয়ে বাংলাদেশও উঠে গেছে সুপার ফোরে। অর্থাৎ গ্রুপপর্বে বাংলাদেশ দুটি ম্যাচ জিতলেও নেট রান-রেটের কারণে সুপার ফোর নিয়ে দুশ্চিন্তা ছিল। লিটন দাসদের তাকিয়ে থাকতে হয়েছিল শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের দিকে। এদিন আফগানিস্তান জিতলেই বাংলাদেশের সুপার ফোরের আশা শেষ হয়ে যেত।
এ কারণেই ম্যাচের পর পুরনো ছবিটি নতুন করে ভাইরাল হচ্ছে। ছবির কয়েকটা চরিত্রকে ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান এবং আফগানিস্তানের পতাকা দিয়ে ট্যাগ করা হয়েছে। ডানপাশে খুটির আড়াল থেকে কসরৎ করে সামনে আসার চেষ্টায় থাকা লোকটাকে দেওয়া হয়েছে বাংলাদেশি ট্যাগ, যে আফগানিস্তানকে পেছনে ফেলে অনেক কষ্টে এশিয়া কাপের সুপার ফোরে উঠেছে!
টুর্নামেন্টের শুরু থেকেই রান-রেট নিয়ে মোটেও ভাবেনি বাংলাদেশ। এমনকী হংকংয়ের মতো দলের বিপক্ষেও তাদের টেনশন ছিল জয় নিয়ে। ম্যাচটা বড় ব্যবধানে জেতা গেল না, এই আফসোসের চেয়েও তাদের স্বস্তি ছিল ম্যাচটা জেতা গেছে বলে! অথচ সেই ম্যাচটা একটু বড় ব্যবধানে জেতা গেলে এত সমীকরণ কিংবা শ্রীলঙ্কার ওপর নির্ভর করে সুপার ফোরে যেতে হতো না। সেটা যেহেতু হয়নি, এমন ট্রোলিং তো হবেই।

Post a Comment