এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচের পর সপ্তাহ ঘুরতে চলল, তবু বিতর্ক থামছে না। এবার এ বিষয়ে কঠোর বক্তব্য দিলেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। তিনি পাকিস্তান ক্রিকেট দল এবং বোর্ডকে এসব অভিযোগের নাটক না করে ক্রিকেটে মন দেওয়ার পরামর্শ দিয়েছেন।
দুবাইয়ে গত রবিবার পাকিস্তানের বিপক্ষে ছক্কা মেরে ৭ উইকেটে দলের জয় নিশ্চিত করার পর সরাসরি ড্রেসিংরুমে চলে যান ভারত অধিনায়ক সুর্যকুমার যাদব এবং তার সতীর্থ শিবম দুবে। প্রথা মেনে তারা প্রতিপক্ষের সঙ্গে হ্যান্ডশেক করেননি। এমনকি ভারতীয় ড্রেসিংরুমের দরজাও বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে এ নিয়ে তুমুল নাটক হয়েছে। পিসিবি টুর্নামেন্ট বর্জনের হুমকি দিয়েও শেষে সরে এসেছে।
এ বিষয়ে ‘এনডিটিভি’কে কপিল দেব বলেন, ‘এগুলো খুবই ছোটখাটো বিষয়। এর চেয়ে খেলায় মনোযোগ দাও। যদি কেউ হ্যান্ডশেক করতে না চায়, তাহলে সেটিকে বড় ইস্যু বানানোর প্রয়োজন নেই। এটা দুই পক্ষকেই বলছি। কিছু ক্রিকেটার বিতর্কিত মন্তব্য করে, যাতে সমস্যা সৃষ্টি হয়। পাকিস্তান ভালো ক্রিকেট খেলতে পারেনি, তাদের সেটা নিয়ে কাজ করা উচিত। হ্যান্ডশেক বা আলিঙ্গন ব্যক্তিগত পছন্দ।’
সাবেক অধিনায়ক আরও বলেন, হ্যান্ডশেক কেবল সৌজন্যের প্রকাশ, খেলার আইন নয়। তিনি দুই দলকেই মনে করিয়ে দিয়েছেন যে ক্রিকেটের গুরুত্ব নাটকের চেয়ে বেশি। কপিল দেব আশা প্রকাশ করেছেন যে ভারত দল এবারও শিরোপা জিতবে, ‘গত ২০ বছর ধরে ভারত অত্যন্ত ভালো ক্রিকেট খেলছে। আইসিসি টুর্নামেন্টে তাদের পারফর্মেন্স দুর্দান্ত। আমাদের ক্রিকেট অত্যন্ত সংগঠিত, আশা করছি ভারত এবারের এশিয়া কাপ জিতবে।’

Post a Comment