অবিশ্বাস্য! একসাথে ৬ অলরাউন্ডার, এশিয়া কাপে রেকর্ড গড়ল আফগানিস্তান!

 




এবারের এশিয়া কাপে বেশ ব্যতিক্রমীভাবে দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে রাজধানী কাবুলসহ বিভিন্ন ঐতিহাসিক স্থাপনায় ব্যানারে খেলোয়াড়দের ছবি টানিয়ে ঘোষণা দেয়া হয় ১৭ সদস্যের মূল দল ও ৩ জন রিজার্ভ খেলোয়াড়ের নাম। রোববার (২৪ আগস্ট) সকালে এ দল ঘোষণা করে এসিবি। 


এশিয়া কাপে আফগানিস্তানকে যথারীতি নেতৃত্ব দেবেন দেশটির ক্রিকেট আইকন রশিদ খান। রিজার্ভে রাখা হয়েছে ওয়াফিউল্লাহ তারাখিল, নাঙ্গিয়াল খারোতি ও আবদুল্লাহ আহমেদজাইকে।



টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপ হওয়ায় আফগান দলে অলরাউন্ডারদের আধিক্য চোখে পড়ার মতো। তিন স্পিন অলরাউন্ডার- মোহাম্মদ নবী, শরফউদ্দিন আশরাফ ও রশিদ খানের সঙ্গে তিন পেস অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই, করিম জানাত ও গুলবদিন নাইব জায়গা পেয়েছেন দলে।


আফগানিস্তানের বড় শক্তি সবসময়ই স্পিন বিভাগ। এবারও সেই ধারা অব্যাহত। দলে আছেন মুজিব উর রেহমান, নুর আহমেদ ও রহস্যময় স্পিনার আল্লাহ গজনফর। অন্যদিকে পেস বিভাগে আছেন নাভিন উল হক, ফজলহক ফারুকি ও ফরিদ মালিক।



প্রধান উইকেটকিপার হিসেবে থাকছেন রহমানউল্লাহ গুরবাজ। ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে তরুণ মোহাম্মদ ইশাককে।



গত ফেব্রুয়ারির আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামেনি আফগানিস্তান। এ বছর এখনো কোনো টি টোয়েন্টিও খেলেনি তারা। সর্বশেষ টি টোয়েন্টি ম্যাচ খেলেছিল গত বছরের ডিসেম্বরে জিম্বাবুয়ে সফরে। সেই দলে পরিবর্তন এসেছে দু’টি। বাদ পড়েছেন হজরতউল্লাহ জাজাই ও জুবাইদ আকবরি। তাদের জায়গায় ফিরেছেন ইব্রাহিম জাদরান ও শরফউদ্দিন আশরাফ।


তবে লম্বা সময় জাতীয় দলের হয়ে না খেললেও খেলোয়াড়রা ছিলেন বিশ্বের প্রায় সব জনপ্রিয় টি টোয়েন্টি লিগে। আইপিএল, পিএসএল, বিপিএল, আইএলটি২০, এসএ২০ এবং ঘরোয়া শপাগিজা ক্রিকেট লিগে।


এশিয়া কাপের আগে শারজায় পাকিস্তান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান। বেশিরভাগ ক্রিকেটার ইতিমধ্যে প্রস্তুতি ক্যাম্পে যোগ দিয়েছেন।


আগামী ৯ সেপ্টেম্বর আবুধাবিতে উদ্বোধনী ম্যাচে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান। ‘বি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ বাংলাদেশ (১৬ সেপ্টেম্বর) ও শ্রীলঙ্কা (১৮ সেপ্টেম্বর)।


আফগানিস্তানের স্কোয়াড

রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, দরবেশ রাসুলি, সেদিকউল্লাহ আতাল, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, করিম জানাত, গুলবদিন নাইব, শরফউদ্দিন আশরাফ, মোহাম্মদ ইশাক (উইকেটকিপার), আল্লাহ গজনফর, মুজিব উর রেহমান, নুর আহমেদ, ফরিদ মালিক, ফজলহক ফারুকি, নাভিন উল হক।


রিজার্ভ

ওয়াফিউল্লাহ তারাখিল, নাঙ্গিয়াল খারোতি, আবদুল্লাহ আহমেদজাই।

Post a Comment

Previous Post Next Post