ভারতের কিংবদন্তি ম্যারাথন দৌড়বিদ ‘টার্বানড টর্নেডো’ ফৌজা সিং আর নেই। ১১৪ বছর বয়সে পাঞ্জাবে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এই বিস্ময়কর অ্যাথলেট। সোমবার দুপুরে জলন্ধর-পাঠানকোট হাইওয়েতে হাঁটার সময় একটি অজ্ঞাত যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হয়ে মারা যান তিনি।
ফৌজা সিংয়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো ভারতজুড়ে। ক্রীড়াজগত শোকাহত। ভারতীয় ক্রিকেটাররাও সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন। অনেকেই লিখেছেন— “এক অবিশ্বাস্য অনুপ্রেরণা চলে গেলেন। টার্বানড টর্নেডো আমাদের শিখিয়ে গেছেন বয়স কেবল একটি সংখ্যা। আপনার আত্মা শান্তি পাক।”
বিশিষ্ট ক্রিকেটাররা জানিয়েছেন, ফৌজা সিং ছিলেন জীবন্ত কিংবদন্তি—যিনি শতবর্ষ পেরিয়েও ম্যারাথন শেষ করে বিশ্বকে দেখিয়ে দিয়েছিলেন অদম্য মানসিক শক্তির প্রকৃত অর্থ। তারা বলেছেন, “ভারত শুধু একজন দৌড়বিদ নয়, একজন অসম্ভব বড় অনুপ্রেরণা হারালো।”
ফৌজা সিংয়ের জীবন কাহিনি ছিল রীতিমতো উপন্যাসের মতো। ৮৯ বছর বয়সে প্রথম লন্ডন ম্যারাথনে অংশ, ৯৩ বছর বয়সে বয়সভিত্তিক বিশ্বরেকর্ড, ১০০ বছর বয়সে একদিনে ৮টি বিশ্বরেকর্ড—সবকিছুই হয়ে থাকবে কিংবদন্তি।
ফৌজা সিংয়ের মৃত্যুতে ভারতীয় ক্রীড়াপ্রেমীদের পাশাপাশি ক্রিকেটাররাও জানাচ্ছেন গভীর শোক এবং শ্রদ্ধা।


Post a Comment