টি-টোয়েন্টি সিরিজ খেলতে রাজি নেদারল্যান্ডস, আসছে আগস্টে
এশিয়া কাপের আগে আপাতত কোন ম্যাচ নেই বাংলাদেশের। টুর্নামেন্টের প্রস্তুতির অংশ হিসেবে আগস্টে ফাঁকা সময়ে একটি সিরিজের আয়োজনের চেষ্টা করছে বিসিবি এমন কথা জানিয়েছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম। এবার বিসিবি সূত্রে জানা গেছে , বিসিবি আমন্ত্রণে সাড়া দিয়ে টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসছে নেদারল্যান্ডস।
এশিয়া কাপ মাঠে গড়াবে আগামী ৯ সেপ্টেম্বর থেকে। এর আগে লম্বা বিরতি রয়েছে টাইগারদের। আগস্টে ভারতের বিপক্ষে হোম সিরিজ হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে গেছে। এরই মাঝে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে টানা দুই সিরিজ জিতে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ। সিরিজ জয়ের পর লম্বা বিরতি থাকায় এশিয়া কাপের আগে অধিনায়ক লিটন দাসও বলেছিলেন, একটি সিরিজ আয়োজন করা গেলে ভালো হয় তাদের জন্য।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছিলেন, বড় দল না পাওয়ায় নেপাল বা নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলতে চায় বাংলাদেশ। এবার বিসিবি সূত্রে জানা গেল, বিসিবির প্রস্তাবে সাড়া দিয়েছে বাংলাদেশে টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসছে নেদারল্যান্ডস।
সূত্রটি আরো জানিয়েছে, আগস্টের ১৯ থেকে ২৫ তারিখের মধ্যে অনুষ্ঠিত হতে পারে তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজটি। জানা গেছে, সিরিজের সময়সূচি প্রায় চূড়ান্ত, আনুষ্ঠানিকতা বাকি রয়েছে।
সিরিজটি অনুষ্ঠিত হলে এশিয়া কাপের আগে নিজেদের প্রস্তুতি আরো ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে টাইগাররা। এশিয়া কাপে টুর্নামেন্টের 'বি' গ্রুপে খেলবে বাংলাদেশ। যেখানে টাইগারদের গ্রুপসঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।

Post a Comment