একসঙ্গে অধিনায়কত্ব হারাতে যাচ্ছেন রিজওয়ান ও শান মাসুদ
পাকিস্তান জাতীয় দলের টেস্ট অধিনায়ক শান মাসুদ। বাবর আজমকে সরিয়ে ২০২৩ সালের নভেম্বরে বাঁহাতি এই ব্যাটারকে অধিনায়ক করে পিসিবি। তবে দেড় বছরে সাদা জার্সিতে তেমন কোনো সাফল্য বয়ে আনতে পারেননি মাসুদ। উল্টো তার নেতৃত্বে বেশকিছু লজ্জার রেকর্ডের মালিক হয়েছে পাকিস্তান।
একসঙ্গে অধিনায়কত্ব হারাতে যাচ্ছেন রিজওয়ান ও শান মাসুদ
টেস্ট ক্রিকেটের মতো পাকিস্তানের একই বেহাল দশা সাদা বলের দুই ফরম্যাটেও। তবে টেস্টে সাফল্য না এলেও একই অধিনায়কের ওপর দেড় বছর আস্থা রেখেছে পাকিস্তান। সাদা বলে তো নাটকীয়তার কোনো শেষ ছিল না। ২০২৩ বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে বাবর আজম ওয়ানডে এবং টি-টোয়েন্টির দায়িত্ব ছাড়ার পর এই দুই ফরম্যাটে তিনবার নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে।
শুরুতে শাহিন আফ্রিদিকে করা হয়েছিল সাদা বলের অধিনায়ক। কিন্তু মাত্র এক সিরিজ পরেই তাকে বদলে বাবরকে ফেরানো হয়। এরপর গত বছর তাকে আবারও সরিয়ে মোহাম্মদ রিজওয়ানকে ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়ক করা হয়।
সর্বশেষ দুই সিরিজে রিজওয়ানকে বাদ দিয়ে আঘা সালমানকে টি-টোয়েন্টির নেতৃত্ব তুলে দেয় পাকিস্তান। তার নেতৃত্বে নিউজিল্যান্ড সিরিজে সাফল্য না পেলেও বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান। এবার ৩ ফরম্যাটের নেতৃত্বেই তার ওপর আস্থা রাখতে চাইছে পাকিস্তান। অর্থাৎ ওয়ানডে এবং টেস্ট থেকে রিজওয়ান ও শান মাসুদকে অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দিতে চাইছে পিসিবি।
পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ কয়েকটি সিরিজে দল নির্বাচনের ক্ষেত্রে নিজের পছন্দমতো সিদ্ধান্ত নিতে না পারায় সাবেক কোচ এবং হাই পারফরম্যান্স প্রধান আকিফ জাভেদের ওপর ক্ষুব্ধ ছিলেন রিজওয়ান। অধিনায়কের প্রাধান্যকে গুরুত্ব না দেয়ায় দায়িত্ব ছেড়ে দেয়ার কথাও ভেবেছিলেন তিনি। এসব বিষয় বিবেচনায় ক্রিকেট বোর্ডই তাকে আর চাইছে না। আর টেস্ট অধিনায়ক শান মাসুদের ব্যক্তিগত পারফরম্যান্স এবং তার নেতৃত্বে দলের পারফরম্যান্স, দুটোরই অবনমন হওয়ায় তাকে আর চাইছে না পিসিবি। মাসুদের নেতৃত্বে ১২টি টেস্ট খেলে ৩টিতে জিতেছে পাকিস্তান। মজার বিষয় হলো, এই ম্যাচের অধিকাংশই পাকিস্তান খেলেছে ঘরের মাঠে।
অন্যদিকে, আঘা সালমান ৩ ফরম্যাটেই পাকিস্তানের নিয়মিত খেলোয়াড়। সম্প্রতি ৩ ফরম্যাটেই তার পারফরম্যান্সে উন্নতি হয়েছে। আর তার নেতৃত্বে এখন পর্যন্ত দলের পারফরম্যান্সও স্বস্তিদায়ক। তাই এবার এক অধিনায়ককেই ৩ ফরম্যাটের দায়িত্ব দিতে চাচ্ছে পিসিবি। ইতোমধ্যে এই বিষয়ে সম্মতি জানিয়েছেন পিসিবি প্রধান মহসিন নাকভী, নির্বাচক প্যানেল এবং নতুন হেড কোচ মাইক হেসন। পাকিস্তানি গণমাধ্যম জিওসুপারকে পিসিবির এক সূত্র এই তথ্য জানিয়েছে।
সূত্রের মতে, পিসিবির সিদ্ধান্ত অনেকটাই পাকা হয়ে গিয়েছে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা আসার অপেক্ষা।

Post a Comment