গল টেস্ট দিয়ে বর্ণাঢ্য টেস্ট ক্যারিয়ারকে বিদায় জানিয়েছেন শ্রীলঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। পাঁচ দিন লড়াইয়ের পর ম্যাচটা হয়েছে ড্র। বিদায়বেলায় সতীর্থ, সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়ে দারুণ এক বিদায় পেয়েছেন ম্যাথিউস।
দীর্ঘ ক্যারিয়ারে বহুবারই বাংলাদেশের বিপক্ষে খেলেছেন ম্যাথিউস। তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমদের চেনেন অনূর্ধ্ব-১৯ পর্যায়ের ক্রিকেট থেকে। বাংলাদেশের বিপক্ষেই ক্যারিয়ারের শেষ টেস্টটা খেললেন লঙ্কান অলরাউন্ডার।
ম্যাচের পঞ্চম দিনে মাঠে মুশফিকের সাথে দারুণ এক মুহূর্তও সৃষ্টি হয় ম্যাথিউসের। দুজনে কথা বলেছেন হাসতে হাসতে। ম্যাচ শেষে সেই আলাপ খোলাসা করেছেন ম্যাথিউস। সংবাদ সম্মেলনে অ্যাঞ্জেলো ম্যাথিউস বলেছেন, ‘সে (মুশফিক) চিৎকার করছিল, আমাকে বড় শট খেলতে বলছিল। আমি বলেছি, "না মুশফিক, আমি তো তোমার সঙ্গে অনূর্ধ্ব-১৯ থেকে খেলছি, তোমাকে খুব ভালো করে চিনি। এখন বড় শট খেলার সময় নয়। আমরা এই ম্যাচটা ড্র করতে চাই।" তবে তারা (বাংলাদেশ) দুর্দান্ত ছিল।’
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের টাইমড আউটসহ নানা ঘটনায় ম্যাথিউসের সাথে উত্তপ্ত ঘটনাও ঘটেছে বাংলাদেশের। তবে বিদায়বেলায় সেসব মনে রাখার কোনো মানে দেখছেন না ম্যাথিউস, দিলেন বড় মনের পরিচয়। ম্যাথিউস বলেছেন, ‘তারা (বাংলাদেশ) অনেক শ্রদ্ধাশীল ছিল। আমরা বহুদিন ধরে একে অপরকে চিনি। হ্যাঁ, অতীতে কিছু মুহূর্ত গেছে আমাদের, উত্তপ্ত কিছু মুহূর্তও গিয়েছে আমাদের মধ্যে। তবে আপনি জানেন, পুরনো কোনো কিছু আঁকড়ে থাকা উচিত নয়।’
দুই ম্যাচের টেস্ট সিরিজে এখনও ০-০ সমতা। সিরিজের দ্বিতীয় টেস্ট ২৫ জুন, কলম্বোতে।

Post a Comment