দেশি কোচ না থাকায় পিছিয়ে পড়ছেন ক্রিকেটাররা – ধারণা রফিকের
‘বিদেশি কোচরা ২ ঘণ্টা দেন, আমরা পারলে সারাদিন কাজ করি’ — মোহাম্মদ রফিকের আক্ষেপ
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিক মনে করেন, দেশি কোচদের যথাযথ সুযোগ না দেওয়ায় দেশের ক্রিকেট উন্নয়নে বড় ধরনের গ্যাপ থেকেই যাচ্ছে। সম্প্রতি বিডিক্রিকটাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক এই সাবেক ক্রিকেটার তুলে ধরেন তার অভিজ্ঞতা ও উপলব্ধি।
মোহাম্মদ রফিক
ক্রিকেটের সব ব্রেকিং নিউজ পেতে যোগ দিন হোয়াটসঅ্যাপে
জাতীয় দলের হয়ে ১৩৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই অভিজ্ঞ ক্রিকেটার দেশের ক্রিকেটকে আরো এগিয়ে নিতে চান কোচিংয়ের মাধ্যমে। কিন্তু যথাযথ সুযোগ না পাওয়ায় হতাশার সুর শোনা গেল রফিকের কণ্ঠে। তার মতে, দেশি কোচদের দিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় কাজ করলে খেলোয়াড়দের মানসিক ও টেকনিক্যাল উন্নয়ন অনেক বেশি কার্যকর হবে।
বাংলাদেশের সাবেক বাঁহাতি স্পিনার রফিক মনে করেন, দেশি কোচদের নিয়োগ না দিয়ে বিদেশি কোচদের উপর নির্ভর করায় দেশের ক্রিকেট উন্নয়নের জায়গায় ঘাটতি রয়ে যাচ্ছে।
"ক্রিকেটের যে মেধা আমার আছে, সেটা আমি আমার দেশকে দিতে পারছি না। যদি সুযোগ হয়, দেশের জন্য করতে পারব ও দিতে পারব। কিন্তু আমরা যে কাজটা করব, একটা বিদেশি খেলোয়াড় কিন্তু ওই কাজটা করবে না। অনেক বিদেশি কোচ আসছে-যাচ্ছে। তাদের শিডিউল থাকে ২-৩ ঘণ্টার," বলেন রফিক।
মোহাম্মদ রফিক
রফিকের মতে, ক্রিকেটারদের মানসিক ও টেকনিক্যাল উন্নয়নে নিবিড়ভাবে সময় দেওয়াই পারে একজন কোচের আসল শক্তি হয়ে উঠতে। আর সে কাজটি দেশি কোচদের মাধ্যমেই দীর্ঘমেয়াদে সম্ভব বলে মনে করছেন তিনি।
বিদেশি কোচদের সীমিত সময় দেওয়ার প্রবণতার বিপরীতে দেশি কোচদের নিবেদনের কথা উল্লেখ করে তিনি বলেন, "আমাদের কিন্তু শিডিউল থাকবে না, দেখা যাবে আমরা সারাদিন ওদের সাথে কাজ করব। ওরা মানসিকভাবে পিছিয়ে পড়লে তখন সেটা আমরা রিকভার করতে পারব। এই জায়গায় এখন অনেক গ্যাপ আছে। যখন দেশি কোচরা দায়িত্ব নিবেন, তখন এই কাজগুলো হবে।"
নিজের কাজের প্রতি দায়বদ্ধতা প্রকাশ করে রফিক আরো বলেন, "যেমন আমি নিজে অনুভব করি, আমি সারাদিন কাজ করব। কারণ আমার কাজই এটা। কিন্তু বিদেশি কোচ কিন্তু ২-৩ ঘণ্টা ৭-৮ জন খেলোয়াড়কে দিলে ওই সময়ে কি রিকভারি হবে? এখানেই আমরা পিছিয়ে যাচ্ছি।"

Post a Comment