গল টেস্টে জোড়া সেঞ্চুরি অর্থাৎ ম্যাচের দুই ইনিংসেই সেঞ্চুরির স্বাদ পেলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচজুড়ে অনবদ্য ব্যাটিংয়ে ইতিহাস রাঙানো সেঞ্চুরি হাঁকিয়েছেন শান্ত। এই নিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে দ্বিতীয়বার টেস্টে জোড়া সেঞ্চুরি হাঁকালেন তিনি। বাংলাদেশি অধিনায়ক হিসেবে প্রথমবার গড়েছেন জোড়া সেঞ্চুরির কীর্তি।
৪ উইকেটে ২৩৭ রান নিয়ে দ্বিতীয় সেশনে ব্যাট করতে নামে বাংলাদেশ। সেঞ্চুরির দ্বারপ্রান্তে থাকা শান্ত এগিয়েছেন সাবধানী ব্যাটিংয়ে। আরেক প্রান্তে বেশিক্ষণ টেকেননি লিটন দাস, জাকের আলী অনিকরা। সেঞ্চুরি ছুঁয়ে আগ্রাসী ব্যাটিং চালিয়েছেন শান্ত। ৬ উইকেটে ২৮৫ রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। লিড ২৯৫ রানের, শ্রীলঙ্কার লক্ষ্য ২৯৬। ১৯৯ বলে ১২৫ রান করে ক্রিজে টিকে ছিলেন শান্ত। আরেক প্রান্তে ২৩ বলে ৭ রান করে অপরাজিত ছিলেন নাঈম হাসান।
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ তোলে ৪৯৫ রান। জবাবে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে করে ৪৮৫ রান। ১০ রানের লিড নেয় বাংলাদেশ। লঙ্কানদের গুঁড়িয়ে দেওয়ার বড় নায়ক টাইগার অফ স্পিনার নাঈম হাসান, নিয়েছেন ফাইফার।
২ টেস্ট, ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টির সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে গিয়েছে বাংলাদেশ দল। দুই দলের মধ্যকার দুই টেস্টের মধ্যে এটি প্রথম টেস্ট। দ্বিতীয় ম্যাচ আগামী ২৫ জুন, কলম্বোতে।

Post a Comment