বাংলাদেশের বিপক্ষে চমক জাগানো টি-টোয়েন্টি সিরিজ জয়ের অন্যতম নায়ক মুহাম্মদ ওয়াসিম গড়লেন ইতিহাস। মে মাসের আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ বা মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সংযুক্ত আরব আমিরাতের এই অধিনায়ক। এর মাধ্যমে সহযোগী সদস্য দেশগুলোর প্রথম ক্রিকেটার হিসেবে দ্বিতীয়বার মাসসেরা হলেন তিনি।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ওয়াসিম করেন দুটি অর্ধশতকসহ ১৪৫ রান। সিরিজের দ্বিতীয় ম্যাচে তার ৪২ বলে ৮২ রানের বিধ্বংসী ইনিংসই আমিরাতকে ২০৬ রানের বিশাল লক্ষ্য টপকাতে সহায়তা করে। ওই ম্যাচ জিতে সিরিজে সমতা আনে স্বাগতিকরা, পরে সিরিজও জিতে নেয় ২-১ ব্যবধানে।
ওয়াসিম সিরিজসেরার পুরস্কার জয়ের পর এবার মাসসেরা খেলোয়াড় হিসেবে স্বীকৃতি পেলেন। আইসিসির ওয়েবসাইটে প্রতিক্রিয়া জানিয়ে ৩১ বছর বয়সী এই ওপেনার বলেন, আমি দ্বিতীয়বারের মতো মাসসেরার পুরস্কার জিতে খুব আনন্দিত। আইসিসিকে ধন্যবাদ, আমাকে ভোট দেয়ার জন্য সকল ভক্তদেরও ধন্যবাদ জানাই। মে মাসটা আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে, শারজায় বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জিতেছি। এই জয় আমিরাতের ক্রিকেটের অগ্রগতির প্রমাণ।
পাকিস্তানি বংশোদ্ভূত ওয়াসিম প্রথমবার মাসসেরা হন ২০২৪ সালের এপ্রিলে। ২০২১ সালে চালু হওয়া এই পুরস্কার শুরুতে সহযোগী দেশের মধ্যে প্রথম জিতেছিলেন নেপালের লেগস্পিনার সন্দীপ লামিচানে, ২০২১ সালের সেপ্টেম্বরে।
মে মাসের মাসসেরা হওয়ার লড়াইয়ে ওয়াসিমের প্রতিদ্বন্দ্বী ছিলেন আরও দুজন সহযোগী দেশের ক্রিকেটার স্কটল্যান্ডের ব্রেন্ডন ম্যাকমুলান ও যুক্তরাষ্ট্রের মিলিন্দ কুমার।
তবে মূলধারার দল থেকেও নজরকাড়া পারফরম্যান্স ছিল দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার টাইরন কানে, যিনি ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ১৩১.৩৪ স্ট্রাইক রেটে করেন ১৭৬ রান এবং শ্রীলঙ্কার বিপক্ষে এক ম্যাচে হ্যাটট্রিকসহ ৫ উইকেট নিয়েছিলেন।

Post a Comment