মেজর লিগ ক্রিকেট (এমএলসি) ২০২৫-এর উদ্বোধনী দিনেই রেকর্ডবুক উল্টে দিলেন ফিন অ্যালেন। সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের এই কিউই ওপেনার ওয়াশিংটন ফ্রিডমের বিপক্ষে খেললেন ৫১ বলে বিস্ফোরক ১৫১ রানের এক ইনিংস, যার মধ্যে ছিল রেকর্ড ১৯টি ছক্কা! স্ট্রাইকরেট ২৯৬!
এই ইনিংসের মধ্য দিয়ে অ্যালেন টপকে গেলেন ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইলকেও। টি-টোয়েন্টিতে এতদিন এক ইনিংসে সর্বোচ্চ ১৮টি ছক্কার যৌথ রেকর্ড ছিল গেইল (২০১৭ সালে ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে) ও সাহিল চৌহানের (২০২৪ সালে সাইপ্রাসের বিপক্ষে) দখলে। তবে এবার সেই রেকর্ড ছাপিয়ে এককভাবে শীর্ষে উঠে এলেন অ্যালেন।
তার ব্যাটিংয়ের বিস্ফোরণে সান ফ্রান্সিসকো ইউনিকর্নস সংগ্রহ করে ২০ ওভারে ২৬৯ রান ৫ উইকেটে, যা এমএলসি ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এমনকি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত যেকোনো টি-টোয়েন্টি ম্যাচে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ স্কোর। এর আগে রেকর্ডটি ছিল ২০১৬ সালে লডারহিলে ওয়েস্ট ইন্ডিজের করা ২৪৫ রানের।
ফিন অ্যালেনের ইনিংস থেকে উল্লেখযোগ্য কিছু পরিসংখ্যান-
১৯টি ছক্কা : এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার বিশ্বরেকর্ড
৪৯ বলে ১৫০ : টি-টোয়েন্টিতে দ্রুততম ১৫০ রান (পূর্ববর্তী ছিল ৫২ বলে, ডেওয়াল্ড ব্রেভিস)
৩৪ বলে সেঞ্চুরি : টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে দ্বিতীয় দ্রুততম শতক (গেইলের ৩০ বলে)
১৩৪ রান শুধু বাউন্ডারিতে : এর মধ্যে ১১৪ রান এসেছে ছক্কা থেকেই
১৫১ রান : এমএলসিতে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস, আগেরটি ছিল নিকোলাস পুরানের অপরাজিত ১৩৭ রান (২০২৩ সালের ফাইনালে)
এমন এক ইনিংসের সৌজন্যে এমএলসি-র এবারের মৌসুম শুরুই হলো রীতিমতো বাজিমাত করে। সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের ইনিংসে মোট ছক্কার সংখ্যা ছিল ২৮টি, যা টি-টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এর চেয়ে বেশি ছক্কা এসেছিল কেবল বরোদা দলের ব্যাটে, গত ডিসেম্বরে সিকিমের বিপক্ষে (৩৭টি)।
ইউনিকর্নসের প্রতিপক্ষ ওয়াশিংটন ফ্রিডম লড়াই করতেই পারেনি। দলটি অলআউট হয়েছে মাত্র ১৩.১ ওভারে ১৪৬ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন রাচিন রবীন্দ্র। ১৭ বলের ইনিংসে রাচিন হাঁকান দুইটি চার ও পাঁচটি ছক্কা। ১২৩ রানে ম্যাচ জিতেছে সান ফ্রান্সিসকো ইউনিকর্নস।

Post a Comment