আইপিএলের মাঝপথে এক নেতিবাচক খবরে চাঞ্চল্য ছড়িয়েছে ভারতীয় ক্রিকেটে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কে জড়ানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ভারতের ঘরোয়া ক্রিকেটার ও মুম্বাই ইন্ডিয়ানসের সাবেক সদস্য শিবালিক শর্মা। রাজস্থানের যোধপুর জেলার কুড়ি ভগতাসনি হাউজিং বোর্ড থানার পুলিশ তাকে আটক করে। হিন্দুস্তান টাইমস
পুলিশ সূত্রে জানা গেছে, ২৬ বছর বয়সী শিবালিকের সঙ্গে ২০২৩ সালে এক তরুণীর পরিচয় হয়। ধীরে ধীরে তাদের সম্পর্ক ঘনিষ্ঠ হয় এবং শিবালিক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান। তবে ২০২৪ সালের আগস্টে বরোদায় একটি পারিবারিক আলোচনায় তরুণী জানতে পারেন, শিবালিকের বিয়ে অন্যত্র ঠিক করা হয়েছে। এরপরই তিনি থানায় অভিযোগ করেন।
ঘটনার ভিত্তিতে শিবালিককে গ্রেপ্তার করা হয় এবং বর্তমানে তিনি বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন।
শিবালিক শর্মা বরোদা দলের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন। বাঁ-হাতি ব্যাটসম্যান এবং পার্টটাইম স্পিনার এই ক্রিকেটার ২০২৩ সালের সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে সিকিমের বিপক্ষে ১৭ বলে ৫৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে আলোচনায় আসেন।
২০২৪ আইপিএল মৌসুমে ২০ লাখ রুপিতে মুম্বাই ইন্ডিয়ানসের স্কোয়াডে অন্তর্ভুক্ত হলেও মাঠে নামার সুযোগ পাননি তিনি।

Post a Comment