সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নতুন অধিনায়কের নাম ঘোষণা করল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ভারতের টেস্ট দলের দায়িত্ব তুলে দেওয়া হলো ২৫ বছর বয়সী ব্যাটার শুভমান গিলের হাতে। ফলে মনসুর আলী খান পতৌদি (২১ বছর ৭৭ দিন), শচীন টেন্ডুলকার (২৩ বছর ১৬৯ দিন), কপিল দেব (২৪ বছর ৪৮ দিন) ও রবি শাস্ত্রীর (২৫ বছর ২২৯ দিন) পর পঞ্চম সর্বকনিষ্ঠ অধিনায়ক গিল।
রোহিত-কোহলির বিদায়ের পর টেস্ট ক্রিকেটে ভারত যেন নিজেদের ঢেলে সাজাতে ব্যস্ত। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আগে আচমকাই টেস্ট থেকে অবসর নেন অধিনায়ক রোহিত শর্মা। তার পরপরই দীর্ঘদিনের স্তম্ভ বিরাট কোহলিও টেস্ট ফরম্যাটকে বিদায় জানান। এই দুই তারকার অবসরের পর তৈরি হয় অনিশ্চয়তা—কে হবেন ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক?
মুম্বাইয়ে বিসিসিআইয়ের সদরদপ্তরে শনিবার (২৪ মে) এক সংবাদ সম্মেলনে ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার এই ঘোষণা দেন। তিনি বলেন,‘আমরা সব বিকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। গত এক বছরে শুভমান গিলের প্রতি আমাদের বিশেষ নজর ছিল। ড্রেসিংরুম থেকেও ইতিবাচক ফিডব্যাক পেয়েছি। সব দিক বিবেচনায় মনে হয়েছে, এই দায়িত্বের জন্য গিলই উপযুক্ত ব্যক্তি।’
আগামী ২০ জুন থেকে শুরু হওয়া ইংল্যান্ড সিরিজ দিয়েই শুভমান গিলের নেতৃত্বে টেস্টে ভারতের নতুন যুগ শুরু হবে। তার সহ-অধিনায়ক হিসেবে থাকবেন উইকেটকিপার ব্যাটার ঋষভ পান্ত। আগারকার আরও বলেন,‘এটি শুধুমাত্র একটি সিরিজের জন্য নেওয়া সিদ্ধান্ত নয়। আমরা ভবিষ্যতের কথা মাথায় রেখেই দীর্ঘমেয়াদী পরিকল্পনায় যাচ্ছি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে এই সিদ্ধান্ত বড় ভূমিকা রাখবে।’
গিলের নেতৃত্বের পাশাপাশি তার ব্যাটিং ফর্মও বোর্ডের আস্থার কারণ হয়ে উঠেছে। আগারকার আশাবাদ ব্যক্ত করেন, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো কঠিন কন্ডিশনেও গিল নিজেকে প্রমাণ করতে পারবেন। তিনি বলেন,‘রোহিত ও কোহলির বিদায়ের পর এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রানজিশন সময়। তবে আমরা আশাবাদী, গিল সেই দায়িত্ব ভালোভাবেই সামলাতে পারবেন।’
ইংল্যান্ড সফরের জন্য ভারতের ১৮ সদস্যের টেস্ট স্কোয়াড:
শুবমান গিল (অধিনায়ক),ঋষভ পন্ত (সহঅধিনায়ক ও উইকেটকিপার), যশস্বী জয়সোয়াল, লোকেশ রাহুল, ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, যশপ্রীত বু মরা, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃঞ্চা, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরন, করুন নায়ার, নীতিশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর ও অর্শদীপ সিং।

Post a Comment