এবারের আইপিএল মৌসুম একেবারেই ভুলে যেতে চাইবেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ট্রাভিস হেড। মাঠের ভেতরের মতো মাঠের বাহিরেও খারাপ সময় পার করছেন ট্রাভিস হেড। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি তিনি। ১০ ইনিংসে তাঁর সংগ্রহ মাত্র ২৮১ রান, গড় ২৮.১০। শেষ চার ইনিংসে তো রানই পাননি, এমনকি একটিতেও ৩০ ছুঁতে পারেননি। স্ট্রাইক রেটও ছিল হতাশাজনক—১০৩.০৭।
এর মাঝে ভারত-পাকিস্তান দ্বন্দ্বে স্থগিত হয়েছিল আইপিএল। যুদ্ধবিরতির ঘোষণায় আবার খেলা শুরু হলেও হায়দরাবাদ দলে এখনও দেখা যায়নি হেডকে। জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি অস্ট্রেলিয়ায় আটকে আছেন। হায়দরাবাদের প্রধান কোচ ড্যানিয়েল ভেট্টরি নিশ্চিত করেছেন এই তথ্য। ভেট্টরি বলেন,‘ট্রাভিস হেড সোমবার সকালে ভারতে পৌঁছাবে। সে কোভিডে আক্রান্ত হয়েছিল, তাই আগে আসতে পারেনি। আমরা অপেক্ষায় আছি, পুরোপুরি সুস্থ হলে তাকে দলে অন্তর্ভুক্ত করা হবে।’
এদিকে সোমবার (১৯ মে) রাতে লক্ষ্ণৌর অটল বিহারি বাজপেয়ী স্টেডিয়ামে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ। তবে হেড দলের সঙ্গে না থাকায় এই ম্যাচেও তাকে মিস করতে হচ্ছে হায়দরাবাদকে।
হেডের ঠিক কোথায় ও কখন সংক্রমণ হয়েছে, তা নিশ্চিতভাবে জানা না গেলেও ধারণা করা হচ্ছে তিনি সিঙ্গাপুর বা হংকং ভ্রমণের সময় নতুন প্রজাতির করোনায় সংক্রমিত হয়ে থাকতে পারেন। সম্প্রতি এই দুই শহরে এলএফ.৭ ও এনবি ১.৮ নামের দুটি নতুন ধরন শনাক্ত হয়েছে, যা এরই মধ্যে ভারতেও ছড়িয়ে পড়েছে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৫ মে’র পর থেকে অন্তত ৯৩ জন এই নতুন ধরনে আক্রান্ত হয়েছেন।
সব মিলিয়ে হায়দরাবাদের জন্য এবারকার মৌসুমটি হতাশারই। প্লে-অফের দৌড় থেকে দল ছিটকে পড়েছে আগেই। তার ওপর দলের অন্যতম ভরসা ট্রাভিস হেডের অসুস্থতা আরও বাড়িয়েছে দুর্ভাবনা। এখন দেখার বিষয়, শেষ ম্যাচগুলোর আগে তিনি সুস্থ হয়ে দলে ফিরতে পারেন কি না।

Post a Comment