আরব আমিরাতের বিপক্ষে পরাজয়ের কারণ হিসেবে যা বললেন লিটন

 



শারজাহর আলোকিত রাতটা রূপ নিল রূপকথায়। যেখানে ইতিহাস গড়ল সংযুক্ত আরব আমিরাত, আর হতবাক হয়ে তাকিয়ে রইল বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে এর আগে চার ম্যাচ খেলে সবগুলোতেই পরাজিত হওয়া আরিব আমিরাত এবার নিজেদের নাম তুলল বিজয়ীর তালিকায়। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে সোমবার (১৯ মে) ২ উইকেটের অবিশ্বাস্য জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।


প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ তোলে ২০৫ রানের বিশাল স্কোর। এমন রান তাড়া করে জিতবে, এমন সাহসী স্বপ্ন দেখাও ছিল অসম্ভব মনে। কিন্তু ক্রিকেট যে ‘অসম্ভব’ শব্দটিকে কত সহজে ‘সম্ভব’ বানিয়ে দেয়, তারই সাক্ষী থাকল শারজাহ ক্রিকেট স্টেডিয়াম।


এই জয় শুধু বাংলাদেশের বিপক্ষে প্রথম জয় নয়, টি-টোয়েন্টি ফরম্যাটে রান তাড়ায় আমিরাতের জন্যও এক নতুন রেকর্ড। এর আগে সর্বোচ্চ ১৭৩ রান তাড়া করে জয়ের নজির ছিল তাদের ঝুলিতে। এবার সেই সীমাও ছাড়িয়ে গেলো।


বাংলাদেশের অধিনায়ক লিটন দাস পরাজয়ের কারণ বলতে গিয়ে ম্যাচ শেষে হতাশ কণ্ঠে বলেন,‘প্রতিটি হারই কষ্টদায়ক। আমরা ব্যাট হাতে ভালো করেছিলাম। উইকেট ছিল ব্যাটিংয়ের জন্য অনুকূল। এছাড়া আরব আমিরাত ব্যাট করেছিল তখন তাদের শিশিরের সুবিধা ছিল। তবে বোলিং ও ফিল্ডিংয়ে মাঝপথে কিছু ভুল হয়েছে, যেটি ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব।’


সিরিজ এখন ১-১ সমতায়। তৃতীয় ও শেষ ম্যাচে তাই রূপ নিয়েছে ‘অলিখিত ফাইনালে’। সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে দুই দল মুখোমুখি হবে বুধবার (২১ মে) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে।


Post a Comment

Previous Post Next Post