সিরিজ হেরে সরাসরি শিশিরকে দুষলেন লিটন

 



সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। টাইগারদের দেওয়া ১৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শরাফু-আসিফের ব্যাটিং নৈপুণ্যে ১১ বল বাকি থাকতেই জয়ের বন্দরে নোঙর করে আমিরাত।


এতে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে আরব আমিরাতের কাছে সিরিজ হারল লাল-সবুজের প্রতিনিধিরা। টেস্ট খেলুড়ে কোনো দলের বিপক্ষে এটিই আরব আমিরাতের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়। অন্যদিকে পূর্ণকালীন অধিনায়ক হয়ে নিজের প্রথম সিরিজেই বিব্রতকর হার দেখলেন লিটন দাস।


ম্যাচের পর লিটন বলেন, ‘অবশ্যই প্রত্যাশিত নয়। আমরা যখন এখানে এসেছি, সবসময় জিততেই চেয়েছি। তার পরও, এটা (পরাজয়) জীবনেরই অংশ। ক্রিকেটে কখনও কখনও প্রতিপক্ষও ভালো খেলে। তাদেরকে কৃতিত্ব দিতে হয়।’


অবশ্য আমিরাতকে কৃতিত্ব দিলেও নিজেদের হারের মূল খলনায়ক তার কাছে ‘শিশির।’ তিনি বলেন,‘আমরা কিছু ভুল আজকে করেছি ব্যাটিংয়েও। এই উইকেটে ও কন্ডিশনে আমাদের প্রত্যাশিত পারফরম্যান্স হয়নি। তিন ম্যাচেই আমরা দ্বিতীয় ইনিংসে বল করেছি। শিশিরই মূল ব্যাপার ছিল, আমার মতে।’


পরে আমিরাতের কৃতিত্বের প্রশ্নেও আবার বললেন শিশিরের কথা, ‘তারা সত্যিই ভালো খেলেছে। আজকে প্রথম ভাগে তারা ভালো খেলেছে। ভালো বোলিং করেছে তারা, এজন্য বেশি রান করতে পারিনি আমরা। তবে ব্যাটিংয়ে কিছুটা শিশিরের সুবিধা পেয়েছে তারা।’


Post a Comment

Previous Post Next Post