মিরপুরে চলছে ঢাকা প্রিমিয়ার লিগের উত্তেজনাপূর্ণ ম্যাচ—আবাহনী লিমিটেড বনাম মোহামেডান স্পোর্টিং ক্লাব। আর এই ম্যাচ দেখতে হাজির হলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। সম্প্রতি চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি। সেখান থেকে সরাসরি ফিরে এসেছেন মিরপুরে, প্রিয় ক্রিকেট মাঠে।
মাথায় ক্যাপ, পরনে কালো টি-শার্ট, চেনা ট্রেডমার্ক ভঙ্গিতেই মাঠে আসেন তামিম। অথচ এই ম্যাচে তার খেলার কথা ছিল। মোহামেডানের হয়ে মাঠে নামার পাশাপাশি নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার।
গত মাসে বিসিবি একাডেমি মাঠে অনুশীলনের সময় হঠাৎ হার্ট অ্যাটাক করেন তামিম। পরে তার হৃদপিণ্ডে রিং পরানো হয়। সাভারের কেপিজে হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে, সেখান থেকে দ্রুত বাসায় ফেরেন।
আন্তর্জাতিক ক্রিকেটকে আগেই বিদায় জানিয়েছেন তামিম। তবে ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছিলেন। তবে এই ঘটনা তাকে নতুন করে ভাবিয়েছে। তিনি ক্রিকেটে ফিরবেন কি না—তা সময়ই বলে দেবে। তবে ইঙ্গিত মিলছে, বিশ্রামের পর হয়তো আবারও মাঠে দেখা যেতে পারে এই লিজেন্ডকে।
শনিবার মিরপুরে এসে শুধু ম্যাচ দেখেই ক্ষান্ত হননি তামিম, নিজের শারীরিক অবস্থা নিয়েও সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন।

Post a Comment