সাহস থাকলে পাকিস্তানে আসো এবং খেলো।


আগামী বছরের চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান। তবে নিরাপত্তার দোহাই দিয়ে এরই মধ্যে দেশটিতে সেই টুর্নামেন্ট খেলতে অস্বীকৃতি জানিয়েছে ভারত। বিসিসিআইয়ের সেই সিদ্ধান্তের সঙ্গে একই সুরে কথা বলেছেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং। এবার হরভজনের সেই কথার প্রসঙ্গ ধরে ভারতের উদ্দেশে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন পাকিস্তানের সাবেক পেসার তানভির আহমেদ।


✪ আরও পড়ুন: আইপিএল নিলামের আগে মুস্তাফিজকে নিয়ে চার দলের কাড়াকাড়ি! 


ভারতকে পাকিস্তানে যাওয়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তানভির জানান, পাকিস্তান ক্রমাগত ভারতে ক্রিকেট খেলতে যাচ্ছে কিন্তু ভারত একই কাজটি করছে না।


তানভিরের ভাষ্য, ‘আমরা সিংহের মতো। আমরা তোমাদের ডেরায় গিয়েছি এবং খেলে এসেছি। যদি তোমাদের সাহস থাকে, এখানে (পাকিস্তানে) আসো এবং খেলো। আমরা তোমাদের নিরাপত্তা দেব, তোমাদের সব সুযোগ-সুবিধা দেব। একবারের জন্য হলেও আসো!’


সবশেষ ২০০৬ সালে পাকিস্তানে গিয়েছিল ভারত। ২০০৮ সালে মুম্বাই হামলার পর ভারতের ক্রিকেট সংস্থা আর পাকিস্তান সফরে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাই, আগামী বছরের চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচের জন্য নিরপেক্ষ ভেন্যু চায় ভারত। এর আগে ২০২৩ সালের এশিয়া কাপও হাইব্রিড পদ্ধতিতে খেলেছে ভারত। সেই টুর্নামেন্টের আয়োজকও ছিল পাকিস্তান। 


✪ আরও পড়ুন: ধোনির মতে আধুনিক যুগের সেরা বোলার কে?


তানভির বলেন, ‘শুধু পাকিস্তানের খেলোয়াড়রাই যেতে পারে এবং খেলতে পারে। তারা ভারত গিয়েছে এবং খেলেছে। এটাকেই সাহসিকতা বলে।’


এর আগে হরভজন বলেছিলেন, ‘আমি মনে করি না সেখানে (পাকিস্তানে) যাওয়া নিরাপদ। সেখানে প্রায় প্রত্যেক দিনই দুর্ঘটনা ঘটে। বিসিসিআইয়ের অবস্থান পুরোপুরি ঠিক আছে, কারণ খেলোয়াড়দের নিরাপত্তা সবার আগে।’

Post a Comment

Previous Post Next Post