স্বৈরশাসক শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পর থেকেই দেশে একের পর এক পরিবর্তন দেখা দিচ্ছে। পরিবর্তনের আভাস মিলছে বাংলাদেশ ক্রিকেটেও। একের পর এক ক্রিকেটাররা দীর্ঘ দিন ধরে জমে থাকা ক্ষোভ প্রকাশ করছেন।
অনেকের মতো মুখ খুলেছেন জাতীয় দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান এনামুল হক বিজয়। বিসিবি যে সকল কাজে স্বচ্ছতা ছিল না বা নেই, সেসব জায়গায় স্বচ্ছতা ফেরানোর আহ্বান জানান বিজয়। তাতে বাংলাদেশ ক্রিকেটেরই ইপকার হবে বলেও মনে করেন এই ওপেনার।
✪ আরও পড়ুন: অভিমানে ক্রিকেটের বাইরে সাইফউদ্দিন !
বিজয় বলেন, ‘আসলে স্বচ্ছ থাকাটা খুবই জরুরি সবার ক্ষেত্রে, আমি কেন দলে আছি, কেন বাদ পড়ছি, কোথায় খেলছি বা আমার সুযোগ-সুবিধা কতটুকু হচ্ছে, আমি কতটুকু পাচ্ছি। এই জিনিসগুলো প্রশ্নবিদ্ধ থাকে যেগুলা আমরা সবাই চাই প্রশ্নটা সরে যাক, উত্তরটা আমরা প্রাপ্য।’
এই ব্যাটার বলেন, ‘আমি মনে করি ক্রিকেট বোর্ড সর্বাত্মক চেষ্টা করেছে আমাদের সহযোগিতা করার জন্য। ভবিষ্যতেও যারা দায়িত্বে আসবে তারাও সহযোগিতা করবে। অবশ্যই একটা জায়গায় গ্যাপ থেকে যায়, গ্যাপগুলো পূরণ করে এগিয়ে যাব এটা আমরা সবাই আশা করব।’
✪ আরও পড়ুন: সরকার পতনের তিন দিন পর প্রথমবার মুখ খুললেন সাকিব
দেশের ক্রিকেটে বড় পরিবর্তনের সুযোগ দেখছেন বিজয়। তিনি বলেন, ‘ক্রিকেটে তো আমাদের বড় পরিসরে পরিবর্তন করার সুযোগ আছে আমি মনে করি। আস্তে আস্তে সেটার পরিবর্তন আমরা দেখেছি এবং আশা করি সামনেও হবে। কোন কিছুই দুইদিনে-পাঁচদিনে সম্ভব না, এটা পর্যায়ক্রমে হওয়া সম্ভব। কিন্তু আমরা সবাই আশা করি, প্রতিটা মানুষ আশা করে প্রথমে সাধারণ মানুষ, জনগণ।’
‘ক্রিকেট খেলোয়াড়, ব্যবসায়ী, চাকুরিজীবী বা যেই হই না কেন বা সাংবাদিক বা যে পেশাতেই থাকি না কেন। আমার কাছে মনে হয় সবার আগে আমরা জনগণ। অবশ্যই আমাদের অধিকার আছে যেটা আমরা প্রাপ্য। আমরা সবাই চাইবো সবকিছু গোছানোভাবে এগিয়ে যাক, ক্রিকেট বোর্ড প্রতিটা জায়গায় যেন সুবিধা পাই। দেশটা সবাই মিলে যেন আমরা এগোতে পারি।’-যোগ করেন তিনি।

Post a Comment