এমপি কঙ্গনাকে থাপ্পড় মারলেন কনস্টেবল





বলিউডের ঠোঁটকাটা স্বভাবের অভিনেত্রী কঙ্গনা রনৌত এবারের লোকসভা নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। কংগ্রেস প্রার্থী বিক্রমাদিত্য সিং’কে পরাজিত করে তিনি বিজেপির প্রার্থী হিসেবে মান্ডি, হিমাচল প্রদেশ থেকে নির্বাচিত হয়েছেন। তবে, নির্বাচনে জয় পাওয়ার দু-তিন দিনের মধ্যে ঘটে গেল এক ঘটনা।

বৃহস্পতিবার (৬ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দিল্লির উদ্দেশ্যে বিমানে উঠতে যাওয়ার সময় বিমানবন্দরের কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) এক নারী কনস্টেবল কঙ্গনাকে চড় মেরেছেন। অভিযোগ করা হয়েছে, কৃষকদের অসম্মান করার কারণে এই ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, ৪ জুন সকালে লোকসভা ভোট গণনা শুরু হয় এবং বিকেলে জানা যায়, কংগ্রেস প্রার্থীকে ৭২ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে কঙ্গনা জয়লাভ করেছেন। তিনি ৫ লাখ ২১ হাজার ৭৪০ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

বিজেপির কট্টর সমর্থক হিসেবে কঙ্গনা রনৌত রাজনীতিতে প্রবেশের আগে বিভিন্ন সময় নানা ইস্যুতে দলটিকে সমর্থন করেছেন এবং সেই কারণে শিরোনামেও একাধিকবার জায়গা করে নিয়েছেন। এবার নির্বাচনে জয়লাভ করে তিনি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন।

Post a Comment

Previous Post Next Post