টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার ওভারে পাকিস্তানকে হারিয়ে চমক দেখালো যুক্তরাষ্ট্র। পাকিস্তান প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৫৯ রান সংগ্রহ করে। জবাবে যুক্তরাষ্ট্র ৩ উইকেট হারিয়ে একই স্কোর করে। ফলে ম্যাচটি গড়ায় সুপার ওভারে। সেখানে ১ উইকেট হারিয়ে যুক্তরাষ্ট্র ১৮ রান তোলে, জবাবে পাকিস্তান ১ উইকেট হারিয়ে করে ১৩ রান।
বৃহস্পতিবার ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানের শুরুটা ছিল হতাশাজনক। যুক্তরাষ্ট্রের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে পাকিস্তান। একমাত্র অধিনায়ক বাবর আজম ও মিডল অর্ডার ব্যাটার শাদাব খান উল্লেখযোগ্য রান করতে পারেন।
পাকিস্তানের ইনিংসের দ্বিতীয় ওভারেই মোহাম্মদ রিজওয়ান ব্যক্তিগত ৯ রানে আউট হন। পরের ওভারে উসমান খান ৩ রানে ফেরেন এবং পঞ্চম ওভারে ফখর জামান ১১ রানে আউট হন। ২৬ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে পাকিস্তান। এরপর শাদাব ও বাবর মিলে ৭২ রানের পার্টনারশিপ গড়েন। শাদাব ২৫ বলে ৪০ রান করে আউট হন। তারপর ক্রিজে এসে প্রথম বলেই আউট হন আজম খান। পরবর্তীতে বাবরও ৪৩ বলে ৪৪ রান করে আউট হন। ইফতিখার আহমেদের ১৪ বলে ১৮ রান এবং শাহিন শাহ আফ্রিদির ১৬ বলে অপরাজিত ২৩ রানের সুবাদে পাকিস্তান ১৫৯ রান সংগ্রহ করে।
জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে যুক্তরাষ্ট্র। ৪২ বলে ৫৬ রান দরকার হলে ও ৯ উইকেট হাতে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের জয় সহজ ছিল। তবে শেষ ১২ বলে যুক্তরাষ্ট্রের প্রয়োজন ছিল ২১ রান। ১৯তম ওভারে মোহাম্মদ আমির ৬ রান দিয়ে যুক্তরাষ্ট্রের জয় কঠিন করে তোলেন। কিন্তু শেষ ওভারে হারিস রউফ খেই হারিয়ে ফেলেন। প্রথম তিন বলে ৩ রান দিয়ে পরের বলগুলোতে চার-ছক্কা হজম করেন রউফ, ফলে স্কোর সমতা আসে।
সুপার ওভারে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বল তুলে দেন মোহাম্মদ আমিরের হাতে, যা পাকিস্তানের জন্য ভুল সিদ্ধান্ত প্রমাণিত হয়। প্রথম বলেই বাউন্ডারি হজম করা আমির মোট ১৮ রান দিয়ে বসেন। জবাবে ব্যাট করতে নেমে ইফতিখার আহমেদ ও ফখর জামান ১ উইকেট হারিয়ে ১৩ রান করতে সক্ষম হন, ফলে যুক্তরাষ্ট্র জয়লাভ করে।

Post a Comment