আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাস্তি পেলেন আফগানিস্তানের দুই স্পিনার। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তাদের আচরণ নিয়ে প্রশ্ন উঠেছিল, যার ফলস্বরূপ এই তিরস্কার এবং ডিমেরিট পয়েন্ট। মাঠের আম্পায়ারদের অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। টুর্নামেন্ট থেকে বিদায়ের পর এ যেন তাদের মড়ার উপর খাড়ার ঘা।
মুজিব উর রহমান
এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ চলাকালীন আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাস্তি পেলেন আফগানিস্তানের দুই স্পিনার নূর আহমাদ ও মুজিব উর রহমান। তাদের দুই জনকেই তিরস্কার করা হয়েছে এবং প্রত্যেকের নামের পাশে একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে।
বৃহস্পতিবার আবুধাবিতে অনুষ্ঠিত ম্যাচে এই ঘটনা ঘটে। অফ স্পিনার মুজিব উর রহমান খেলার এক পর্যায়ে তার তোয়ালে দিয়ে স্টাম্প ভেঙে ফেলেন। এর ফলে তিনি আইসিসির আচরণবিধির আর্টিকেল ২.২ লঙ্ঘন করেন, যা ক্রিকেট সরঞ্জাম ভাঙচুরের সাথে সম্পর্কিত।
অন্যদিকে, তরুণ স্পিনার নূর আহমদ শ্রীলঙ্কার ইনিংসের ১৬তম ওভারে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি ভিন্নমত পোষণ করেন। আম্পায়ার তার একটি ডেলিভারিকে ওয়াইড ঘোষণা করলে তিনি অসন্তোষ প্রকাশ করেন। এই আচরণ ছিল আইসিসির আর্টিকেল ২.৮ এর লঙ্ঘন।
উভয় খেলোয়াড়ই তাদের অপরাধ স্বীকার করে নিয়েছেন এবং ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের দেওয়া শাস্তি মেনে নেন। ফলে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। এটি গত ২৪ মাসের মধ্যে তাদের দুজনেরই প্রথম অপরাধ।
নূর আহমাদ
এই ম্যাচে শ্রীলঙ্কা ৬ উইকেটে জয়ী হয় এবং টুর্নামেন্টে তাদের অপরাজিত যাত্রা অব্যাহত থাকে। অন্যদিকে, এই পরাজয়ের ফলে এশিয়া কাপে আফগানিস্তানের অভিযান শেষ হয়ে যায়।
মাঠের আম্পায়ার আসিফ ইয়াকুব ও বীরেন্দ্র শর্মা, তৃতীয় আম্পায়ার ফয়সাল আফ্রিদি এবং চতুর্থ আম্পায়ার রোহান পণ্ডিত এই অভিযোগ আনেন।

Post a Comment