এশিয়া কাপের সুপার ফোরে ভারত-পাকিস্তান মহারণ শেষ হলেও ফখর জামানের আউট নিয়ে বিতর্ক এখনো থামছে না। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের কাছে হেরে যাওয়ার পর পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা স্পষ্ট করেই জানিয়েছেন, থার্ড আম্পায়ারের সিদ্ধান্তে তিনি সন্তুষ্ট নন।
ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে আগা বলেন,‘আমি জানি না সিদ্ধান্তটা সঠিক ছিল কি না। আমার মনে হয়েছে, বলটা সঞ্জুর হাতে পৌঁছানোর আগে মাটিতে লেগেছিল। অবশ্যই আম্পায়ারদের কাজ সিদ্ধান্ত নেয়া ভুল হতেই পারে। কিন্তু আমার চোখে মনে হয়েছে এটা বাউন্স করেছে।’
তিনি আরও যোগ করেন,‘হয়তো আমি ভুলও হতে পারি। কিন্তু ফখর যেভাবে শুরু করেছিল যদি সে পাওয়ারপ্লে পেরিয়ে ব্যাটিং চালিয়ে যেত, আমরা হয়তো ১৯০ রান তুলতে পারতাম।’ ঘটনাটি ঘটে ইনিংসের তৃতীয় ওভারে।
হার্দিক পান্ডিয়ার অফ-কাটারে ড্রাইভ করতে গিয়ে ফখরের ব্যাটে লেগে বল যায় সঞ্জু স্যামসনের হাতে। কিন্তু বল মাটিতে লেগেছিল কি না, তা নিয়ে তৈরি হয় বিতর্ক। থার্ড আম্পায়ার রুচিরা পাল্লিয়াগুরুগে অনেকবার রিপ্লে দেখে ফখরকে আউট ঘোষণা করেন। এই সিদ্ধান্তে হতবাক ফখর কিছুক্ষণ উইকেটে দাঁড়িয়ে থাকার পর ফিরে যান। এই সিদ্ধান্ত ঘিরে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।
পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ আমির ও ফাওয়াদ আলম আম্পায়ারিংয়ের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করে এটিকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন।
তবে মাঠে শেষ হাসি হেসেছে ভারত। প্রথমে ব্যাট করে পাকিস্তান ১৭১ রান তোলে। জবাবে ওপেনার অভিষেক শর্মার ৩৯ বলে ৭৪ রানের টর্নেডো ইনিংসে ভর করে ভারত ১৮.৫ ওভারেই লক্ষ্য ছুঁয়ে ফেলে।

Post a Comment