এশিয়া কাপের সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচ সবসময়ই থাকে নজরকাড়া। কিন্তু এবারের লড়াই শুধু ব্যাট-বলের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, মাঠের বাইরে জন্ম নিয়েছে নতুন বিতর্ক।
ভারতের ইনিংস চলাকালে বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন পাকিস্তানের ফাস্ট বোলার হারিস রউফ। তখন গ্যালারি থেকে কিছু ভারতীয় সমর্থক তাকে উসকে দিতে থাকেন। সেই জবাবে হারিস আঙুল তুলে ‘৬-০’ ইঙ্গিত দেন এবং হাত নেড়ে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার অভিনয় করেন। বিষয়টি পাকিস্তানের বিমানবাহিনীর মে মাসের ‘অপারেশন বুনইয়ান-উম-মারসুস’-এর প্রতীকী ইঙ্গিত বলেই ধরে নিয়েছেন দর্শকরা।
হারিস রউফের এই আচরণ মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। পাকিস্তানি সমর্থকরা গর্বের প্রতীক হিসেবে দেখলেও, ভারতীয় সমর্থকরা একে অশোভন ও উসকানিমূলক বলে সমালোচনা করেছেন।
তবে মাঠের লড়াইয়ে হারিসের পাকিস্তান জয় পায়নি। পাকিস্তানের ১৭১ রানের জবাবে ভারত ওপেনার অভিষেক শর্মার বিধ্বংসী ৩৯ বলে ৭৪ রানের ইনিংসে ভর করে ১৮.৫ ওভারে সহজ জয় তুলে নেয়।

Post a Comment