আর খেলতে পারবেনা, চিটাগং কিংসের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করল বিসিবি!

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চিটাগং কিংসের সঙ্গে তাদের ফ্র্যাঞ্চাইজি চুক্তি বাতিল করেছে এবং মোট ৩৭ লাখ ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৬ কোটি টাকা) বকেয়া পাওনার দাবি জানিয়েছে।



গত ২২ জুলাই এই অর্থের দাবি জানিয়ে বিসিবি চিটাগং কিংসকে আইনি নোটিশ পাঠায়। তবে চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরী তা ভিত্তিহীন দাবি করে পাল্টা অবস্থান নিয়েছেন।



বিসিবি জানিয়েছে, এস কিউ স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেড, যারা চিটাগং কিংসের মালিক প্রতিষ্ঠান, দীর্ঘদিন ধরে তাদের আইনগত ও আর্থিক দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। ফ্র্যাঞ্চাইজি ফি, ট্যাক্স, খেলোয়াড় ও দলের অন্যান্য সদস্যদের পাওনা পরিশোধে তারা নিয়মিত শর্ত লঙ্ঘন করেছে।



এর আগে বিপিএলের প্রথম দুই আসরের বকেয়া পরিশোধে ব্যর্থ হওয়ায় বোর্ড চুক্তি বাতিল করেছিল। ১১তম আসরের আগে প্রায় ১৭ কোটি টাকা মওকুফ করা হলেও মাত্র ৩.৫ কোটি টাকা পরিশোধ করতে বলা হয়েছিল, যা সময়মতো দেননি চিটাগং কিংস।


বিসিবি জানায়, সমঝোতা চুক্তি স্বাক্ষর করার পরও চিটাগং কিংস বকেয়া অর্থ পরিশোধ করেনি। ফলে বোর্ড তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ চালাচ্ছে। এছাড়া সর্বশেষ আসরে খেলোয়াড়, কোচ, হোটেল ও সরবরাহকারীদেরও বকেয়া রয়েছে, যা ৭০–৮০ লাখ টাকার মতো।


সামির কাদের চৌধুরী বলেন, বিসিবির লিগ্যাল নোটিশ বেআইনি। কোনো চুক্তি থাকলে দু’পক্ষের স্বাক্ষর প্রয়োজন।


বিসিবি জানিয়েছে, বারবার শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় ভবিষ্যতে এই ফ্র্যাঞ্চাইজি আর দেয়া হবে না।

Post a Comment

Previous Post Next Post