সেপ্টেম্বরে এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ। এশিয়ার শ্রেষ্ঠত্বের এ লড়াইয়ের পর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।
বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে, রশিদ খানদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে খেলবে বাংলাদেশ।
খসড়া সূচি অনুযায়ী, টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ৪ অক্টোবর, এরপর ৬ ও ৯ তারিখ মাঠে গড়াবে সিরিজের বাকি দুই ম্যাচ। ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি হবে ১২, ১৪ ও ১৭ অক্টোবর।
সেপ্টেম্বরের ৮ তারিখ শুরু হবে এশিয়া কাপ। যা চলবে ২৮ তারিখ পর্যন্ত। লিটন কুমার দাসের দল যদি এশিয়া কাপের সুপার ফোর পর্যন্ত যেতে পারে তাহলে আরব আমিরাতে অবস্থান করবে তারা। আর তা নাহলে আফগানিস্তান সিরিজের আগে দেশে ফিরে আসবে টাইগারররা।
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার পরেই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ। একই সময়ে জিম্বাবুয়ে সফরে যাবে আফগানিস্তান।
এই দ্বিপাক্ষিক সিরিজটি মূলত গত বছরের জুলাই-আগস্টে ভারতের গ্রেটার নয়ডায় হওয়ার কথা ছিল। তবে খারাপ আবহাওয়া ও বিসিবির সম্মতি না পাওয়ায় সেটি বাতিল হয়।

Post a Comment