মালয়েশিয়ার পূর্ব উপকূলীয় মহাসড়কে দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই বাংলাদেশি। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. সাবের হাসান (৩০), মো. জাহিদ হাসান (২১) এবং আবদুল্লাহ (২৪)।
ফ্রি মালয়েশিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ান্তান মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
কুয়ানতানের ভারপ্রাপ্ত পুলিশ প্রধান আদলি মাত দাউদ এক বিবৃতিতে জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে ওই বাংলাদেশি যাত্রীরা কুয়ানতান থেকে কুয়ালালামপুর যাচ্ছিলেন। পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি রাস্তার বাম পাশে ছিটকে পড়ে।
আহত দুই যাত্রী হাবিব বিশ্বাস (৪৫) এবং মনিরাম চন্দ্র বসু (৪০)–কে চিকিৎসার জন্য তেংকু আমপুয়ান আফজান হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে দেখা গেছে, নিহত চালক সাবের হাসানের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না।

Post a Comment