অর্থের লোভেই পাকিস্তানের বিপক্ষে খেলছে ভারত!
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়। এই হামলার পেছনে পাকিস্তানকে দায়ী করে ভারত। এরপর সীমান্তের ওপারে ভারত পাল্টা সামরিক অভিযান চালালে দুই দেশ যুদ্ধে জড়িয়ে পড়ে। ৪ দিন আগ্রাসনের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয় এই দুই দেশ।
এই উত্তপ্ত পরিস্থিতিতে এশিয়া কাপ আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও শেষ পর্যন্ত টুর্নামেন্টটি যথাসময়ে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। এ বছর ভারতের আয়োজনে হতে যাওয়া টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানকে রাখা হয়েছে একই গ্রুপে। আগামী ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে গ্রুপ পর্বেই মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল।
এদিকে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে খেলার সিদ্ধান্তে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) কঠোর সমালোচনা করেছেন মহারাষ্ট্র রাজ্যের সংসদ সদস্য ও শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে। তার অভিযোগ, জাতীয় স্বার্থের চেয়ে আর্থিক লাভকে বেশি গুরুত্ব দিতেই পাকিস্তানের বিপক্ষে খেলার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।
আদিত্য ঠাকরে বলেন, 'পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপের কথা আন্তর্জাতিক মহলে তুলে ধরছে ভারত সরকার। সেখানে বিসিসিআইয়ের অর্থের লোভ দাঁড়িয়ে গেছে সশস্ত্র বাহিনীর ত্যাগ, দেশের স্বার্থ এমনকি প্রধানমন্ত্রীর (নরেন্দ্র মোদী) বক্তব্যেরও ঊর্ধ্বে। রক্ত আর জল একসাথে প্রবাহিত হতে পারে না, এটা প্রধানমন্ত্রীর নিজস্ব বক্তব্য।'
বিসিসিআই জানিয়েছে, আইসিসির নিয়মের বাধ্যবাধকতার কারণেই এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে খেলতে হচ্ছে ভারতকে। তবে আদিত্য ঠাকরের মতে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে আধিপত্য বিস্তারের পরেও এমন যুক্তি দেয়া হাস্যকর। তিনি বলেন, 'আইসিসিতে বিসিসিআইয়ের এত প্রভাব থাকার পরও এমন যুক্তি দেওয়া হাস্যকর।'
বিসিসিআই ও পিসিবির মধ্যে হওয়া সমঝোতা অনুযায়ী আগামী তিন বছরে ভারত ও পাকিস্তান মধ্যকার ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী, এবারের এশিয়া কাপ আয়োজক দেশ ভারত হলেও, টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।

Post a Comment