বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক কমিটি দীর্ঘদিন ধরেই চলছে মাত্র দুই সদস্য নিয়ে—প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ও সাবেক বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক। জাতীয় দল, ‘এ’ দল, হাই পারফরম্যান্স দল ও জাতীয় লিগ মিলিয়ে প্রায় ৬০ জন ক্রিকেটারের ওপর নজর রাখা তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
তৃতীয় নির্বাচক নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা হচ্ছিল। অবশেষে বিসিবির ভেতর থেকে খবর পাওয়া যাচ্ছে, বাংলাদেশের সাবেক অধিনায়ক ও নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মর্তুজা যোগ দিতে পারেন এই নির্বাচক কমিটিতে। বিসিবি সভাপতি ১৮ আগস্ট দেশে ফেরার পর এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানা গেছে।
প্রধান নির্বাচক লিপু বলেন, “তৃতীয় একজন যোগ হলে পর্যবেক্ষণ ও মূল্যায়ন আরও ভালো হবে, আর কাজের চাপও অনেকটাই কমে যাবে।”
বাংলাদেশের ক্রিকেট এখন ব্যস্ত সময় পার করছে—নেদারল্যান্ডস সিরিজ, এশিয়া কাপ, জাতীয় লিগ ও আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ—সব মিলিয়ে নির্বাচকদের কাজের চাপ এখন চরম পর্যায়ে। এই অবস্থায় মাশরাফির যোগদান নির্বাচক কমিটিতে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

Post a Comment