অস্ট্রেলিয়ার ডারউইনে শুরু হওয়া টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশ ‘এ’ দলকে ৭৯ রানে হারিয়েছে পাকিস্তান ‘এ’ দল (শাহিনস)। তবে ম্যাচের ফল নয়, বরং মাঠের এক নাটকীয় মুহূর্তেই বেশি আলোচনায় চলে এসেছে এই ম্যাচ।
পাকিস্তানের পক্ষে ওপেনিংয়ে নামা খাজা নাফে ও ইয়াসির খান ১১৮ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন। কিন্তু ম্যাচের ১২তম ওভারে ঘটে বিব্রতকর ঘটনা। বাংলাদেশের পেসার হাসান মাহমুদের ইয়র্কার বল পায়ে লাগিয়ে লেগ সাইডে গড়িয়ে যায়। ইয়াসির রান নেওয়ার ডাক দেন, নাফে সাড়া দিলেও ইয়াসির মাঝপথে সিদ্ধান্ত বদলে ক্রিজে ফিরে যান। এদিকে নাফে ফেরার সুযোগ না পেয়ে রানআউট হয়ে যান।
আউট হওয়ার পর নাফে স্পষ্ট রাগান্বিত হয়ে সঙ্গী ইয়াসিরের দিকে চিৎকার করেন এবং ফেরার পথে ব্যাট মাটিতে ছুঁড়ে মারেন। মুহূর্তটি টিভি ক্যামেরায় ধরা পড়ে এবং দ্রুতই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
এই ঘটনায় ম্যাচের জয় ছাপিয়ে গিয়েছে পাকিস্তানি ব্যাটারের আচরণ। যদিও পাকিস্তান ‘এ’ দল ইয়াসির খান, খাজা নাফে ও আব্দুল সামাদের অর্ধশতকে ২০ ওভারে ২২৭ রান তোলে, জবাবে বাংলাদেশ ‘এ’ দল ১৪৮ রানে গুটিয়ে যায়।
বাংলাদেশ ‘এ’ দলের পরবর্তী ম্যাচ আগামীকাল শনিবার নেপালের বিপক্ষে অনুষ্ঠিত হবে।

Post a Comment