ভারতের ক্রিকেটের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী একের পর এক বিস্ময়ের জন্ম দিয়েই যাচ্ছেন। ১৪ বছর বয়সে আইপিএল অভিষেকেই তাক লাগিয়ে দেওয়া সূর্যবংশী এবার ৫২ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন যুব ওয়ানডেতে। গড়েছেন একাধিক রেকর্ড। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
বর্তমানে ভারত অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ইংল্যান্ড সফরে আছেন বৈভব সূর্যবংশী। সফরে চতুর্থ যুব ওয়ানডেতে ভারতের হয়ে ৭৮ বলে ১৪৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন সূর্যবংশী। এই ইনিংস খেলার পথে ৫২ বলে সেঞ্চুরি ছুঁয়েছেন সূর্যবংশী। যুব ওয়ানডের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির মালিক এখন সূর্যবংশী। ২০১৩ সালের আগস্টে লেস্টারে ইংল্যান্ডের বিপক্ষেই ৫৩ বলে সেঞ্চুরি হাঁকিয়ে এতদিন রেকর্ডটির মালিক ছিলেন পাকিস্তানের কামরান গুলাম।
সেঞ্চুরি হাঁকানোর দিন সূর্যবংশীর বয়স ছিল ১৪ বছর ১০০ দিন। এর ফলে যুব ওয়ানডেতে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানও বনে গেছেন তিনি। এই রেকর্ডে বাংলাদেশের নাজমুল হোসেন শান্তকে পিছনে ফেলেছেন সূর্যবংশী। ২০১৩ সালে সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে শান্ত সেঞ্চুরি হাঁকান ১৪ বছর ২৪১ দিন বয়সে।
আগের ম্যাচে ২০ বলে ফিফটি হাঁকান এই বিস্ময়বালক। ফলে ভারতের হয়ে যুব ওয়ানডেতে দ্বিতীয় দ্রুততম ফিফটির মালিক হয়ে যান তিনি। সেদিন ৩১ বলে ৮৬ রানের ইনিংসে ৯টি ছক্কা হাঁকান সূর্যবংশী। যার ফলে যুব ওয়ানডের ইতিহাসে ভারতের হয়ে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডও গড়েন বৈভব সূর্যবংশী। দুই দিন পর নিজের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন তিনি। চতুর্থ যুব ওয়ানডেতে ৭৮ বলে ১৪৩ রানের বিস্ফোরক ইনিংস খেলার পথে ১৩ চারের সঙ্গে তিনি ছক্কা হাঁকান ১০টি।
ম্যাচে আগে ব্যাট করে ভারত তোলে ৯ উইকেট হারিয়ে ৩৬৩ রান। জবাবে ইংল্যান্ড থেমেছে ৩০৮ রান করে। ৫৫ রানে জিতেছে ভারতের যুবারা। সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে ১ ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া।

Post a Comment