রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি ‘এফ-৭ বিজিআই’ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ১৯ নিহত হয়েছেন এবং ৫০ জন আগুনে দগ্ধ হয়েছেন, যাদের সবাইকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার মর্মান্তিক দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।
কি ঘটেছিল?
সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করার কিছুক্ষণের মধ্যেই বিমানটি মাইলস্টোন স্কুলের মাঠের পাশে একটি ভবনে আছড়ে পড়ে। বিকট শব্দ, আগুনের গোলা ও ধোঁয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ক্লাসে থাকা শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে। সে সময় প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ক্লাস চলছিল।
তামিম ইকবালের আবেগঘন আহ্বান
বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল আহতদের জন্য দোয়া করে লিখেছেন—
“আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে… আক্রান্ত বাচ্চাদের রক্তাক্ত ছবি-ভিডিও অনলাইনে লাইভ দেখাবেন না। দেখালেও অন্তত ঝাপসা করে দেবেন, দয়া করে। ওরা আমাদের বাচ্চা।”
ক্রিকেটারদের প্রার্থনা ও সমবেদনা
লিটন দাস, মুস্তাফিজুর রহমান, মিরাজ, মুমিনুল, আফিফ, সাদমান, আকবর আলিসহ জাতীয় দলের অনেক ক্রিকেটার দোয়া করে জানিয়েছেন—
“আল্লাহ সবাইকে হেফাজত করুন, নিহতদের আত্মার মাগফিরাত কামনা করি।”

Post a Comment