সাকিবের ব্যাটে ঝড়, লড়াইয়ের পুঁজি পেল তার দল
ম্যাক্স সিক্সটি টি-টেনে ব্যাট হাতে ঝড় তুললেন সাকিব আল হাসান। গ্র্যান্ড ফ্যালকনের বোলারদের ওপর রীতিমত তান্ডব চালিয়েছেন টাইগার অলরাউন্ডার। তাতেই তার দল মায়ামি ব্লেইজ পেয়েছে নির্ধারিত ১০ ওভারে ১১০ রানের সংগ্রহ।
মায়ামির হয়ে ইনিংস উদ্বোধন করেন সাকিব। ইনিংসের শুরু থেকেই দ্রুত রান তোলার চেষ্টা করেছেন টাইগার এ ব্যাটার। মাত্র ১১ বলে ২৯ রান করেছেন সাকিব। ইনিংসটিতে ৩ বাউন্ডারির পাশাপাশি ২টি ছক্কা মেরেছেন তিনি। এদিন ২৬৩.৬৩ স্ট্রাইকরেটে ব্যাট করেছেন সাকিব। মালিন্দা পুষ্পাকুমারাকে উড়িয়ে মারতে গিয়ে লং অফে রোনালদো আলীমোহামেদের হাতে ক্যাচ দেন তিনি।
সাকিবের এমন ইনিংসে ভর করে ভালো শুরু পায় তার দল। এছাড়াও মায়ামির হয়ে দারুণ ব্যাটিং করেছেন অ্যাঞ্জেলো পেরেরা। ২২ বলে ৪৫ রান করেছেন তিনি।
এর আগে গতকাল ফ্লোরিডা লায়ন্সের বিপক্ষে ওপেনিংয়ে নেমে সাকিব করেছিলেন ৮ বলে ১৩ রান। এ ছাড়া বল হাতে ২ ওভারে ১৯ রান দিয়ে এক উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই স্পিনার।

Post a Comment