“কাজ দেখেই বিচার করব”—মুশফিকের মন্তব্যে চাপের মুখে নতুন সভাপতি!

 

বিসিবির নতুন সভাপতিকে নিয়ে যা বললেন মুশফিক


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদ্য নির্বাচিত সভাপতি এবং জাতীয় দলের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল বর্তমানে পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের জন্য অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। মে মাসে বিসিবির পরিচালক হিসেবে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে অনুমোদন পাওয়ার পর জরুরি সভায় পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। দায়িত্ব গ্রহণের পর তিনি বোর্ডের পরিচালকদের নিয়ে একটি বৈঠক করেন এবং ঢাকার বাইরে বিসিবির অফিস করার পরিকল্পনার কথা জানান।


ঈদ উপলক্ষে সভাপতি যেমন ছুটিতে আছেন, তেমনি জাতীয় দলের ক্রিকেটাররাও রয়েছেন ছুটির মেজাজে। ক্রিকেটার মুশফিকুর রহিম নিজ শহর বগুড়াতে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করেছেন এবং সেখানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নতুন বিসিবি সভাপতি সম্পর্কে তার প্রত্যাশা ব্যক্ত করেছেন।


মুশফিক বলেন,‘এর আগে যারা ছিলেন অনেকেই তো পুরোদস্তুর ক্রিকেটার ছিলেন। আসলে দায়িত্বটা কে কতটুকু করছেন তারপরে আসলে বিচার করা যায়। কে আগে আসছেন তারপর ওরকম করে আসলে বলা যায় না।’ তিনি আরও যোগ করেন,‘আপনি যেটা বললেন যে উনি আমাদের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান এবং অনেক বড় মাপের একজন ক্রিকেট প্লেয়ার ছিলেন। আমরা ছোটবেলা থেকেই তাদের খেলা দেখে বড় হয়েছি আকরাম ভাই, বুলবুল ভাই উনারা যারা সবাই ছিলেন।’


নতুন সভাপতির অধীনে দেশের ক্রিকেটের উন্নতিই কাম্য মুশফিকের। তিনি আশা করেন,‘আশা করব উনি দেশের জন্য এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক ভালো কিছু করবেন। যাতে পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট অনেক উপকৃত হয়।’

Post a Comment

Previous Post Next Post