বিয়ের প্রলোভনে তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগ পেসারের বিরুদ্ধে
সদস্য শেষ হওয়া আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (আরসিবি) চ্যাম্পিয়ন করতে বিশেষ ভূমিকা পালন করেছিলেন জশ দয়াল। তবে এক নারীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক, মানসিক ও আর্থিক নিপীড়ন করার অভিযোগ উঠেছে এই পেসার বিরুদ্ধে।
উত্তর প্রদেশের গাজিয়াবাদের ওই নারী রাজ্যের মুখ্যমন্ত্রীর অনলাইন অভিযোগ পোর্টালের (আইজিআরএস) মাধ্যমে গত ১৪ জুন অভিযোগটি দায়ের করেছেন। এমন খবর দিয়েছে ইন্ডিয়া টুডে, এনডিটিভিসহ ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম।
অভিযোগপত্রে বলা হয়েছে, পাঁচ বছর ধরে এক ক্রিকেটারের সঙ্গে সম্পর্ক ছিল। তিনি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মানসিক, শারীরিক এবং আর্থিকভাবে আমাকে ব্যবহার করেছেন। এমনকি আমাকে নিজের পরিবারে স্ত্রী হিসেবে পরিচয়ও করিয়ে দেন, যার ফলে আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করে নিই।
এনডিটিভির প্রতিবেদন অনুসারে ওই নারীর ভাষ্য, প্রতারণার বিষয়টি নিয়ে প্রশ্ন করলে দয়াল তাকে শারীরিকভাবে আঘাত করেন ও মানসিকভাবে হেনস্তা করেন। সম্পর্ক চলাকালীন তার কাছ থেকে দয়াল টাকা নিয়েছেন বলেও অভিযোগ করেছেন তিনি।
অভিযোগপত্রে আরও বলা আছে, দয়াল আরও একাধিক নারীর সঙ্গেও একই ধরনের সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন। তাই এ বিষয়ে সঠিক ও নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। এটি শুধু আমার জন্য নয়, এমন প্রতারণার শিকার সব নারীর জন্যই গুরুত্বপূর্ণ।
ভুক্তভোগী নারীর কাছে প্রমাণ হিসেবে চ্যাট, স্ক্রিনশট, ভিডিও কল এবং ছবি আছে বলেও উল্লেখ করা হয়েছে অভিযোগপত্রে।
এদিকে ইন্ডিয়া টুড জানিয়েছে, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর দপ্তর গাজিয়াবাদের ইন্দিরাপুরম সার্কেল অফিসারের কাছ থেকে এ বিষয়ে একটি প্রতিবেদন চেয়েছে। পাশাপাশি পুলিশকে আইজিআরএসে দায়ের করা অভিযোগ নিষ্পত্তির জন্য ২১ জুলাই পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।

Post a Comment