কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন মুশফিক-মাহমুদউল্লাহরা, জানালেন বুলবুল

 





আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে গেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আর মুশফিকুর রহীম সীমিত ওভারের ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন। তবে টেস্ট খেলা চালিয়ে যাচ্ছেন। এই দুই ক্রিকেটারই আন্তর্জাতিক কোচ হওয়ার জন্য আগ্রহী।




এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদ্য নিযুক্ত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি বিসিবিতে যোগ দেয়ার আগেই তার সঙ্গে কোচ হওয়ার জন্য দিক নির্দেশনা চেয়েছিলেন তারা। রবিবার গণমাধ্যমের সঙ্গে আলাপাকালে এমনটাই জানিয়েছেন বুলবুল।




তিনি বলেন, 'আমার সঙ্গে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ যোগাযোগ করেছে। যখন বিসিবিতে যোগ দেই তার আগে। তারা আন্তর্জাতিক কোচ হতে চায়। এই এডুকেশন ট্রেইনিং প্রোগ্রামগুলো আমরা ক্রিকেট বোর্ডের মাধ্যমে চালু করতে চাই।'




বাংলাদেশের অনেক ক্রিকেটারই খেলা ছাড়ার পর কোচিংকেই পেশা হিসেবে বেঁছে নেন। এর মধ্যে সবচেয়ে সফল খালেদ মাহমুদ সুজন। ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল কোচ ধরা হয় তাকে।




এ ছাড়া হান্নান সরকার, মোহাম্মদ আশরাফুলরাও কোচিংয়ে যোগ দিয়েছেন। হান্নান এরই মধ্যে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনীর হয়ে কোচিং করিয়েছেন।




আশরাফুল ব্যাটিং কোচ হিসেবে রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগের শিরোপা জিতেছেন। ফলে মুশফিক-মাহমুদউল্লাহদের কোচিংয়ে আসা নিশ্চিতভাবেই দেশের ক্রিকেটের জন্য দারুণ খবর হতে পারে।

Post a Comment

Previous Post Next Post