সালাহউদ্দিন আবারও বলছেন, সমস্যাটা ক্রিকেটারদের মাথায়

 


জাতীয় দলের কোচিং স্টাফে যোগ দেওয়ার আগেই মোহাম্মদ সালাহউদ্দিন বিভিন্ন সময় বলেছিলেন ক্রিকেটারদের মাথা ঠিকঠাক কাজ করে না। অর্থাৎ নিজের জ্ঞান, বুদ্ধি খরচ করে পরিস্থিতি সামাল দেওয়ার দিকে মূলত ঈঙ্গিত করেছিলেন। যা নিয়ে বেশ সমালোচনাও হয়েছিলো।


২০২৩ সালের বিপিএল চলাকালীন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ সালাহউদ্দিন স্থানীয় ক্রিকেটারদের উদ্দেশে বলেছিলেন, 'আমাদের দেশে অনেকে হয়তো মাথা দিয়ে খেলে, অনেকে খেলে না। বেশিরভাগই মাথা ছাড়া ক্রিকেট খেলে।' 


এখন সালাহউদ্দিন জাতীয় দলের সহকারী কোচ। ক্রিকেটারদের ব্যর্থতা নিয়ে জানাতে গিয়ে দেশের অন্যতম সেরা এই কোচ আবারও বললেন ক্রিকেটারদের মাথার সমস্যার কথা।


সংযুক্ত আরব আমিরাত সফরে দুইটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। তার আগে মিরপুরে চলছে পুরোদস্তুর অনুশীলন ক্যাম্প। আজ (১১ মে) সংবাদ সম্মেলনে দল নিয়ে কথা বলেছেন সালাহউদ্দিন।


সেখানেই প্রশ্ন আসে কেন সবকিছুর পরও ব্যর্থতা, কেন সাফল্যের পথ খুঁজে পাচ্ছে না ক্রিকেটারর?


জবাবে সালাহউদ্দিন বলেন, 'দেখুন ড্রিলের কথা যদি বলেন, তাহলে আমি ১০০টা ড্রিল এখানে বানিয়ে বানিয়ে করতে পারব। ড্রিল বানানো নতুন কিছু না। আসলে খেলাটা তো মাথায়। আমরা কীভাবে আসলে হিসাব-নিকাশ করতেছি, আমরা যুক্তিসঙ্গত উপায়ে ক্রিকেট খেলছি কি না। আমরা মনে হয় মাঝেমধ্যে লজিক ছাড়া ক্রিকেট খেলি।'


'এই জায়গায় উন্নতি করা সহজ কাজ না। যদি স্কিল বলেন, টেকনিক বলেন, আপনি যেভাবে ড্রাইভ খেলেন, আমিও সেভাবে ড্রাইভ খেলি। নিশ্চয়ই তাহলে কোথাও না কোথাও সমস্যা আছে। সমস্যাটা আসলে মাথায়।’


কোচ হিসেবে এই সমস্যা থেকে বের হওয়ার কী সমাধান দেবেন সালাহউদ্দিন নিজে?


জবাব দিতে গিয়ে টাইগারদের সহকারী কোচ জানান, 'সে জায়গায় কীভাবে উন্নতি করা যায়, এটা শুধু বললাম আর হয়ে গেল, তা কখনোই হবে না। এটার ঐতিহ্যগত ব্যাপার থাকে। যে ব্যাপারগুলো নিয়ে আমরা এরই মধ্যে কাজ শুরু করেছি। এই জায়গাটা তাড়াতাড়ি উন্নতি করতে হবে। বললেই হবে না যে করব করব করব। এটা খুব তাড়াতাড়ি করতে হবে।’


Post a Comment

Previous Post Next Post