চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর নানা প্রতিকূলতার মুখোমুখি হচ্ছে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক উত্তেজনার জেরে এক সপ্তাহ স্থগিত ছিল খেলা। সেখান থেকে ফিরে আবারও বাধা হয়ে দাঁড়িয়েছে প্রকৃতি। বৃষ্টির কারণে একের পর এক ম্যাচ বাধাগ্রস্ত হচ্ছে, ভেন্যু বদলাতে হচ্ছে এমনকি পরিবর্তন এসেছে আইপিএলের নিয়মেও।
আইপিএলের গভর্নিং কাউন্সিল মঙ্গলবার (২০ মে) এক বিজ্ঞপ্তিতে জানায়, বর্তমান বৈরী আবহাওয়ার প্রেক্ষিতে ম্যাচ শুরুর জন্য অতিরিক্ত সময় বরাদ্দের নিয়মে বড় পরিবর্তন আনা হয়েছে। আগে লিগ ম্যাচে যেখানে অতিরিক্ত সময় থাকত সর্বোচ্চ ৬০ মিনিট, সেখানে এখন থেকে প্রতিটি ম্যাচেই ১২০ মিনিট অতিরিক্ত সময় রাখা হবে। শুধু প্লে-অফ নয়, লিগপর্বের ম্যাচগুলোতেও এই নিয়ম কার্যকর হবে ২০ মে ২০২৫ থেকে।
বিসিসিআই তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগাম বর্ষা শুরু এবং দীর্ঘমেয়াদী আইপিএল মৌসুমের কারণে বেশ কয়েকটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার শঙ্কা রয়েছে। সেই বিবেচনায় ম্যাচ প্লেয়িং কন্ডিশনের সময়সংক্রান্ত ধারা ১৩.৭.৩ শুধুমাত্র ২০২৫ মৌসুমের জন্য সংশোধন করা হয়েছে।
বৃষ্টির কারণে শুধু সময় নয়, ভেন্যুতেও এসেছে বড় পরিবর্তন। বেঙ্গালুরুতে ২৩ মে আয়োজিত হওয়ার কথা ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচ। তবে প্রবল বর্ষণের পূর্বাভাস থাকায় সেটি সরিয়ে নেওয়া হয়েছে লখনৌতে। ফলে হায়দরাবাদের বিপক্ষে এবং ২৭ মে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে নিজেদের শেষ দুটি ম্যাচই বেঙ্গালুরুকে খেলতে হবে ঘরের বাইরে, লখনৌর একানা স্টেডিয়ামে।
প্লে-অফের ভেন্যুতেও এসেছে বড় পরিবর্তন। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী হায়দরাবাদ ও কলকাতায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শেষ চার ম্যাচ। ফাইনাল হওয়ার কথা ছিল ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে। তবে পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী ২৯ মে প্রথম প্লে-অফ এবং ৩০ মে এলিমিনেটর দুইটি ম্যাচই হবে মুল্লানপুরে। এরপর ১ জুন দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ৩ জুন আসরের ফাইনাল, এই দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

Post a Comment